'এসো গল্প শুনি' সিরিজের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো গল্প শুনি’ শিরোনামে খুদে গল্পের আসর এবং গল্পের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত
‘এসো গল্প শুনি’ শিরোনামে খুদে গল্পের আসর এবং গল্পের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকা, ৩ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

'এসো গল্প শুনি’ শিরোনামে খুদে গল্পের আসর এবং গল্পের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটে বইয়ের মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠান হয়েছে।

গল্পের আসরের মূল উদ্দেশ্য ছিল শিশুদের গল্প বলার গুরুত্বকে আরও জোরদার করা এবং গল্প বলার প্রয়োজনীয়তা সবার কাছে তুলে ধরা। ১৬ জন লেখকের নিরলস শ্রম আর চেষ্টায় ‘এসো গল্প শুনি’ সিরিজে ১ থেকে ৩ এবং ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ৩০টি গল্পের বই প্রকাশ করা হয়েছে। রঙিন পাটি, নানান রঙের কাগজ আর মোড়া দিয়ে সম্পূর্ণ দেশজ ধাঁচে সাজানো হয়েছিল এই গল্পের আসর। লেখকেরা সবার উদ্দেশে তাঁদের লেখা গল্প পড়ে শুনিয়েছেন, গল্পগুলো লেখার সময় তাঁদের ভাবনা ও চিন্তাধারা কী ছিল, সে বিষয়েও তাঁরা কথা বলেছেন।

গল্পের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক। তিনি গল্পের বইগুলো লেখায় সার্বক্ষণিক পথনির্দেশনা দিয়েছেন।

আনিসুল হক বলেন, ‘আমরা বর্তমানে যে অস্থির সময় পার করছি, তাতে গল্প আমাদের শিশুদের মনে এনে দিতে পারে স্বস্তির ছোঁয়া। গল্পের বই শিশুদের মনে অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতি তৈরি করে। গল্পের বই হাতে নিয়ে স্পর্শ করে পড়াটা ভীষণ সুন্দর অনুভূতি দেয়। আমি সব সময় গল্প এবং সাহিত্যচর্চার পথে এগিয়ে চলি। কেননা, আমি বিশ্বাস করি যে সাহিত্য আমাদের আরও জীবন্ত ও প্রাণবন্ত করে তোলে।’

ব্র্যাক আইইডির নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম বলেন, ‘আমরা যত বেশি গল্পের বই পড়ব, আমাদের ভেতর তত বেশি আনন্দ কাজ করবে। আজকের এই গল্পের আসরের উদ্দেশ্য হচ্ছে সব শিশুর কাছে এই গল্পের বইগুলো ছড়িয়ে দেওয়া।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম, ব্র্যাক ইন্টারন্যাশনাল, স্কলাস্টিকা, লিটল ওয়ান্ডার্স স্কুল, আগা খান স্কুল, ফুলকি, ঢাকা আহ্‌ছানিয়া মিশন, শিশু একাডেমি, লিটল একাডেমিসহ শিশুদের নিয়ে কর্মরত ঢাকার বিভিন্ন স্বনামধন্য সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উচ্চপদে কর্মরত ব্যবস্থাপকেরা।

ব্র্যাক আইইডি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আওতাধীন একটি ইনস্টিটিউট। ২০০৪ সাল থেকে নিজস্ব গবেষণা, কর্মসূচি ও প্রকল্প পরিচালনার অভিজ্ঞতার আলোকে শিক্ষা কার্যক্রম নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি এটি শিশুদের সার্বিক সুস্থতা নিয়ে কাজ করছে যেটি একটি সম্ভাবনাময়, সহানুভূতিশীল ও স্বনির্ভর প্রজন্ম গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।