'এসো সুন্দর করে লিখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে বর্ণলিখন প্রতিযোগিতা। খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা পরিণত হয় মিলনমেলায়।
বিকেলে নগরের অশ্বিনীকুমার দত্তের বাসভবন বর্তমান সরকারি বরিশাল কলেজের তমালতলায় এ প্রতিযোগিতা হয়। এর আয়োজক কারক স্বজন বরিশাল। আয়োজন সংগঠনের কিশোর কর্মকার জানান, বর্ণলিখন প্রতিযোগিতার ২৮ বছর পূর্ণ হয়েছে। খুদে শিক্ষার্থীদের সুন্দরভাবে বাংলা লেখার প্রতি আগ্রহী করে তুলতে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর ব্যাপক সাড়া পাওয়া গেছে।
বেলা তিনটা থেকে সরকারি বরিশাল কলেজের তমালতলা ও মাঠে শিশুসহ অভিভাবকেরা আসতে থাকেন। নিবন্ধন শেষে তমালতলায় ঘাসের ওপর শুরু হয় সুন্দর লেখা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তিন বিভাগের নয়জন বিজয়ীকে সনদ ও বই দেওয়া হয়। এ ছাড়া অংশ নেওয়া সব শিশুকে দেওয়া হয় একটি করে ‘আদর্শলিপি’ বই।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, সরকারি বরিশাল কলেজের অধ্যাপক লতিফা আক্তার, আসাদুজ্জামান প্রমুখ।