'এসো স্বপ্ন গাঁথি'
নরসিংদীর রায়পুরা উপজেলার চারবাগ আইডিয়াল উচ্চবিদ্যালয়ে ধূমপান, মাদক ও যৌতুকবিরোধী শপথ নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে সারডা সোসাইটি নামে ধূমপানবিরোধী স্থানীয় একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের মূল স্লোগান ছিল ‘এসো স্বপ্ন গাঁথি’। গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে মাদকের নেতিবাচক দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন সংগঠনটির সহসভাপতি শচীন বিশ্বাস।
সংগঠনটির নির্বাহী পরিচালক মুরাদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপপ্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন আহমদ। আফছার উদ্দিন বলেন, ‘মাদক জীবনকে আকর্ষণ করে, আবার বিকর্ষণ করে বের হয়ে যায়। যখন বের হয়ে যায়, তখন জীবনটাকেও নিয়ে যায়। আমাদের সমাজ দ্রুত ভারসাম্যহীন হয়ে পড়ার পেছনে মাদক একটি সমস্যা। সুতরাং মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।’
অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন আর কে আর এম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল হক ফকির, প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার সভাপতি জনি আলম, যৌতুকবিরোধী আন্দোলনের সংগঠন জুম্মা খান নিয়াজী, পানি রক্ষা পরিষদ নামে স্থানীয় একটি সংগঠনের মুখপাত্র ইমদাদুল হক।