'এহন কত্ত লোক... আগে কেউ কতা হোনে নাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাহন কত্ত লোক। অ্যাহন আপনেরা আইতাছোন, আগে আমিই কত্তজনের কাছে গেছি, বিচার চাইছি, কেউ আমার কতা হোনে নাই। তহন আমার কতা হোনলে আমার আইজক্যা একলা হয়োন লাগত না।’ বলছিলেন গাজীপুরের শ্রীপুরের হালিমা বেগম। ট্রেনের চাকায় স্বামী আর পালিত মেয়ের করুণ মৃত্যু এখনো মানতে পারেন না তিনি।
গতকাল শুক্রবারও হালিমার বাড়িতে ছিল মানুষের ভিড়। লোকজনের এত সহানুভূতির মাঝে হালিমার ঘুরেফিরে মনে হচ্ছে, তাঁর পরিবারের এই বিয়োগান্তক পরিণতি হয়তো প্রতিকারযোগ্য ছিল।
গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুর উপজেলার কর্ণপুর সিটপাড়া গ্রামের হজরত আলী তাঁর আট বছরের মেয়েকে নিয়ে শ্রীপুর রেলস্টেশনের পাশে ট্রেনের নিচে পড়ে আত্মঘাতী হন। ঘটনাটি আলোচিত হওয়ার পরে প্রতিদিনই রাজনৈতিক নেতা-কর্মী, এলাকার অবস্থাশালী ব্যক্তিরা হালিমার বাড়িতে যাচ্ছেন।
নিহত শিশুটির জন্য এলাকার অনেকেই এখন মন খারাপের কথা বলছেন। যদিও শিশুটির নিপীড়ন নিয়ে কেউ মুখ খুলছেন না। প্রতিবেশী কয়েকটি শিশু বলে, হজরত আলীর মেয়ে তাদের সঙ্গে সব সময় খেলাধুলা করত। একবার পাশের গ্রামের ফারুকের সাইকেলে তার পা কেটে গিয়েছিল। এতে তার হাঁটতে অনেক কষ্ট হতো। অনেক দিন সময় লেগেছিল পা ভালো হতে।
হজরত আলীর মেয়ে পড়ত হেরা পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ক্লাসে সে সব সময় পেছনের দিকেই বসত। তার রোল ছিল ২১। খেলাধুলায় খুব ভালো ছিল।