'এহন কী খামু, ছওয়াল মিয়ারে কী খায়ামু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্নায় ব্যস্ত মাসুদা বেগম (৩০)। শোবার স্থানটাও সেখানেই। পাশেই বাঁধা গরু। সিরাজগঞ্জে সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের এ নারীর সাত সদস্যের পরিবারের জীবন কাটছে এভাবেই। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
রান্নায় ব্যস্ত মাসুদা বেগম (৩০)। শোবার স্থানটাও সেখানেই। পাশেই বাঁধা গরু। সিরাজগঞ্জে সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের এ নারীর সাত সদস্যের পরিবারের জীবন কাটছে এভাবেই। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া গ্রামের মোছা. মাসুদা বেগম (৩০)। স্বামী আর পাঁচ সন্তান নিয়ে তাঁর সংসার। সংসারে গরু-ছাগল-ভেড়া-মুরগি সবই আছে। দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যায় তাঁর দুটি ঘর তলিয়ে গেছে। ঘরের মধ্যে বুকসমান পানি। কোথাও যাওয়ার জায়গা নেই। ঘরের পাশে একটু উঁচু জায়গায় রাতে শোবার জন্য একটি চৌকি, আর গরু-ছাগলের স্থান করা হয়েছে।

মাসুদার স্বামী মহর আলী জেলে। পানি ওঠার কারণে ঘর গোছাতে ব্যস্ত হওয়ায় মাছ ধরাও বন্ধ। চার দিন ধরে ঘরে পানি উঠলেও এখন পর্যন্ত এক ছটাক চালও কারও কাছ থেকে সাহায্য হিসেবে পাননি। শুধু মাসুদাই নন, এই গ্রামের অনেকেই এই অভিযোগ করে বলেন, এক ছটাক চালও তাঁদের ভাগ্যে জোটেনি।

গতকাল বৃহস্পতিবার যমুনা নদীর চরাঞ্চল কাওয়াখোলা ইউনিয়ন ঘুরে দেখা যায়, ১৮টি গ্রামের চারদিকে শুধু পানি আর পানি। একটি ঘরও নেই, যে ঘরে পানি প্রবেশ করেনি। বেশির ভাগ মানুষ ঘরের মধ্যে চৌকি বাঁশের মাচা উঁচু করে স্থাপন করে বসবাস করছেন। রান্নাবান্না সবকিছুই চলছে ঘরের মধ্যে। এক বেলা রান্না করে খাচ্ছেন দুই বেলা।

এই ইউনিয়নের ভোটার ২৮ হাজার। এর মধ্যে সাত হাজার শহরে বসবাস করেন। বাকি ২১ হাজারের বসবাস চরের মধ্যে। এঁরা সবাই ভয়াবহ এই বন্যায় কবলিত হয়ে চরের মধ্যেই রয়েছেন। কেউ ঘরের মধ্যে উঁচু মাচা করে, কেউ ঘরবাড়ি ছেড়ে চরের মধ্যে যমুনা নদী খননের সময় বালুর স্তূপ করা উঁচু স্থানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন।

মাসুদা বলেন, ‘এক ছেলের আশায় চারডা মিয়া হওয়ার পর শ্যাষে এক ছওয়ালের (৩) জন্ম হইছে। দুই বছর ধইর‌্যা এহানে বাড়ি করছি। দুই বছরই বন্যার পানি আইসা তলাইয়া দিছে। এক চকির ওপর পাঁচজন খোলা আকাশের নিচে বসবাস করছি। বৃষ্টি আসলে কষ্টের সীমা থাকে না। তারপর চোর-ডাকাতের যন্ত্রণা। রাত জাইগ্যা থাকতে হয়। ঘুম নাই কারও। বাবা-মা এই গ্রামে থাকলেও এহন তাঁরা অন্য গ্রামে চলে গেছেন। দেহার কেউ নাই। এখন আমরা একা হয়া পড়ছি। ঘরে যা ছিল এ কয়দিন চলল। এহন কী খামু, ছওয়াল মিয়ারে কী খায়ামু।’

বর্ণি উত্তরপাড়ার কছিম উদ্দীন, সাহাদৎ হোসেন, জসিম উদ্দীন, জহুরুল ইসলাম বলেন, বাড়িঘরে পানি ওঠায় তাঁরা দুটি নৌকায় বসবাস করছেন। নৌকা চলাচল বন্ধ থাকায় আয়ও বন্ধ হয়ে গেছে। ঘরে যা ছিল ছেলেমেয়েদের নিয়ে খাওয়া-দাওয়া চলছে। জনপ্রতিনিধিরা এখনো দেখতে আসেননি। শুনেছেন শুকনা খাবার দেওয়া হচ্ছে, কারা পাচ্ছেন জানেন না। তবে তাঁদের ভাগ্যে এ পর্যন্ত এক ছটাক চাল বা সরকারি অন্য কোনো সাহায্য জোটেনি।

খাসকাউলিয়া গ্রামের সালেহা বেগম ও ফিরোজা বেগম বলেন, বন্যায় তাঁদের পাটের জাগ ভেসে গেছে। ঘরে পানি ওঠায় বালুর স্তূপে থাকছেন। তাঁদের সাতটা ছাগল ছিল তা-ও মারা গেছে। সম্পদ আর কিছু নেই। ঘরে অন্য কিছুই নেই। সকালে চেয়ারম্যান মুড়ি, চিড়া, গুড় নিয়ে এসেছিলেন। এ নিয়ে কাড়াকাড়ি লেগে যাওয়াই তাঁরা পাননি। এখন পর্যন্ত সরকারি চালও তাঁরা পাননি।

একই গ্রামের সামসু শেখ বলেন, ‘বাড়িতে পানি ওঠায় নিজেরা থাকতে পারছি না। গরু-বাছুর নিয়া বিপদে পড়ছি। প্রতিরাতে চুরি হইতেছে। আত্মীয় বাসায় রাইখ্যা এই খানে আইছি। ভালো খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে নদীর পানিই খাইতে হচ্ছে।’

কথা হয় ওই এলাকার ইউপি সদস্য শাহজামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলে দেওয়া হবে।’

কাওয়াখোলা ইউপির চেয়ারম্যান আবদুল আলিম বলেন, ‘দ্বিতীয় দফা বন্যায় সাড়ে ১৭ মেট্রিক টন চাল ও এক শ প্যাকেট শুকনা খাবার পেয়েছিলাম। এগুলো বিতরণ চলছে। যাঁরা ত্রাণসামগ্রী পাননি, তাঁদের মধ্যে বিতরণ করা হবে। ইউনিয়নের সব স্থান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। যে কারণে সরকারের কাছে অতিরিক্ত বরাদ্দের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মো. রায়হান বলেন, ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। সঠিকভাবে প্রদান করা হচ্ছে কি না, তদারকি করা হচ্ছে। চেয়ারম্যানকে সঠিকভাবে বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।