'এহন কী নিয়া বাচপো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত কলেজছাত্র  খায়রুল ইসলাম
নিহত কলেজছাত্র খায়রুল ইসলাম

দিনমজুর বাবা মজনু মোল্লার একমাত্র ছেলে ছিল খায়রুল ইসলাম। গত দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়েন মজনু মোল্লা। তারপর থেকে বাবার দিনমজুরির কাজের গুরুভার এসে পড়ে ১৫ বছরের এই কিশোরের ওপর। গত দুই বছর থেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই খায়রুল গতকাল শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোলশুরাদড়িপাড়া গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
বৃহস্পতিবার সকালে এক সহপাঠীর সঙ্গে মোটরসাকেলে চড়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রলির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। সহপাঠী শাওন গুরুতর আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে খায়রুলদের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই পাশে বেড়া দিয়ে ঘেরা দুটি টিনের ছাপরা। খায়রুলের বাবা অচেতন হয়ে বাড়ির উঠানে পাটিতে শুয়ে আছেন। মা খুশি বেগম বারান্দায় বিলাপ করছেন, ‘এহন কী নিয়া বাচপো। কেমন কইরা বাচপো।’ প্রতিবেশীদের কোনো সান্ত্বনা কাজে আসছে না। ছোট বোন উম্মে ফালাক (৮) নিশ্চুপ বসে আছে।
খায়রুল এসএসসিতে ভালো ফল করে ভর্তি হয়েছিল বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজের প্রথমবর্ষ বিজ্ঞান বিভাগে। তার এক সহপাঠী আতিকুর রহমান জানায়, খায়রুল মেধাবী ছিল। টাকার অভাবে পাবনা পলিটেকনিকে পড়তে পারেনি। খায়রুলের খালাতো ভাই শিমুল জানান, পড়ালেখার ফাঁকে খায়রুল দিনমজুরি করে সংসার চালাতো। এখন পরিবারটির পথে বসা ছাড়া উপায় নেই।