‘এহেনে ১৪ বছরের মদ্দি বিয়ে না দিলি মায়েগে আইবুড়ি কয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এহেনে ১৪ বছরের মদ্দি বিয়ে না দিলি মায়েগে (মেয়েদের) আইবুড়ি কয়। ১৪ পার হয়ে গিলি আমাগে সমাজের মানষি নানান কথা কয়। তহোন বর পাতি অনেক ট্যায়া খরচা কত্তি হয়। বিয়ে দিয়াও ঝামেলা হয়ে যায়।’ কথাগুলো বললেন নড়াইল জমিদারবাড়ি-সংলগ্ন আদিবাসী পাড়ার মৃত প্রফুল্ল সরদারের স্ত্রী গৌরীবালা (৬৮)। তিনি বলেন, তাঁর দুই ছেলে ও এক মেয়েকে কম বয়সেই বিয়ে দিয়েছেন। নিজের বিয়েও হয়েছে মাত্র আট বছর বয়সে।নড়াইলের সাবেক জমিদারবাড়ির দীঘিরপাড়ের আদিবাসী পাড়ার নদের চাঁদ মালি (৪৮) জানান, এ পাড়ায় ৬০ ঘর পরিবার আছে। পাড়ায় শিক্ষার হার একেবারে নেই বললেই চলে। ঘরের পাশে প্রাথমিক বিদ্যালয় থাকলেও পাড়ার বেশির ভাগ শিশু বিদ্যালয়ে যেতে চায় না। যারা যায়, তারা প্রাথমিক শিক্ষার গন্ডিও পেরোতে পারে না। তখন মা-বাবা তাদের কাজে লাগিয়ে দেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাগে কথা কয়ে অনেক এনজিও ফায়দা লোটে।’পাড়ার প্রধান কার্ত্তিক সরদার জানান, বাবুবাড়ির (সাবেক জমিদারবাড়ি) চারপাশে তিনটি পাড়া আছে। পাড়াগুলোয় শুধু আদিবাসীরা বাস করে। তারা পেশায় কুলি-মজুর। অনেকে ভ্যান-রিকশা চালিয়ে সংসার চালায়। নিজেদের জমিজমা না থাকায় তারা কৃষিকাজ করতে জানে না। ঘরের বউয়েরা মানুষের বাসা-বাড়িতে কাজ করে থাকে।সরেজমিনে দেখা গেছে, নড়াইল পৌরসভার নড়াইল গ্রামের সাবেক জমিদারবাড়ি-সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে তিনটি আদিবাসী পাড়া। পাড়াগুলো হচ্ছে দীঘিরপাড়পাড়া, হঠাৎপাড়া ও বাগানপাড়া। এসব পাড়ায় প্রায় ২০০ পরিবারের বাস। পাড়াগুলোর ৫০০ গজের মধ্যে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসসহ তিনটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি মহাবিদ্যালয় আছে। তবে এখানকার বেশির ভাগ ছেলেমেয়ে বিদ্যালয়ে যেতে চায় না। পাড়াগুলোতে বাল্যবিবাহ লেগে থাকলেও তা প্রতিরোধে কেউ কোনো দিন এগিয়ে আসেনি।নড়াইল গ্রামের বাসিন্দা লক্ষ্মী রানী (৬২) জানান, এখানে মেয়েদের শুধু অল্প বয়সে বিয়ে দেওয়া হয় না, এ বয়সে তাদের সন্তানের জন্ম দিতে হয়। সন্তান জন্ম দেওয়ার সময় বাড়িতে দাই ডেকে আনা হয়। তিনি আরও জানান, তাঁর বিয়ে হয় মাত্র ১০ বছর বয়সে। একই রকম কথা জানান পাড়ার আরও কয়েকজন গৃহবধূ।টিপু সরদারের স্ত্রী মিতা রানী সরদার জানান, তাঁর বিয়ে হয়েছে ১৪ বছর বয়সে। এখন তাঁর একটি চার বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। টিপু সরদার জানান, ‘নিজেদের জাগাজমি কিছু নাই।’ বেসরকারি সংস্থা নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, সরকারি ও বেসরকারি সংস্থা আদিবাসীদের সচেতন করে তুলতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে এগিয়ে আসেনি। তারা শুধু ক্রেডিট প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম জানান, আদিবাসীদের সচেতনতার জন্য শিক্ষার প্রয়োজন।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার বাল্যবিবাহ সম্পর্কে বলেন, ‘কোথাও বাল্যবিবাহের খবর পেলে আমরা তা প্রতিরোধ করে থাকি। এ ছাড়া এখানে নিয়মিত সভা-সমাবেশ হয়ে থাকে। তার পরও তাঁরা সচেতন হচ্ছেন না।’