‘এ্যালা মুই কী খাইম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার হাজীপুর পাইকারপাড়া গ্রামের মতি মাতোবালা (৭৬) বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। জীর্ণ শরীরে বাসা বেঁধেছে নানাবিধ রোগ। মুক্তিযুদ্ধের সময় তাঁর স্বামীকে পাকিস্তানি সেনারা বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। এরপর দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করে বিয়ে দেন।টানাপোড়েন সংসারে বর্তমানে ছেলেরা স্ত্রী-সন্তান নিয়ে চলতেই হিমসিম খাচ্ছে। মাতোবালার খোঁজ কেউ রাখে না। শেষ বয়সে অসহায় মাতোবালা জঠরজ্বালা মেটাতে উপায় খুঁজে পাচ্ছিলেন না। এ অবস্থায় ইউনিয়ন জনপ্রতিনিধিদের বদান্যতায় তাঁকে বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত করা হয়। মাসে ভাতা পান ৩০০ টাকা। এ টাকায় কোনো রকমে চলতেন মাতোবালা।গত মঙ্গলবার সকালে মাতোবালা একই গ্রামের অপর বয়স্ক ভাতাভোগী আম্মাজান বেগমকে (৭০) নিয়ে ভ্যানযোগে ভাতার টাকা তুলতে বদরগঞ্জ সোনালী ব্যাংকে যান। সারা দিন অপেক্ষা করার পর প্রত্যেকে তিন মাসের ভাতা পান ৯০০ টাকা করে। এই টাকা যক্ষের ধনের মতো বুকে আগলে নিয়ে ব্যাংক থেকে বের হওয়া মাত্র এক প্রতারক তাঁদের পিছু নেন। ১০০ গজ দূরে পৌর শহরের জিতেনদত্ত মঞ্চের পেছনে ওই প্রতারক তাঁদের বলেন, ‘আমার বাবা মারা গেছে, আপনারা বুড়া মানুষ, আমি দুইটা শাড়ি দান করব, আপনারা একটু বসেন। এরপর এক হাজার টাকার দুটি নোট দেওয়ার কথা বলে কৌশলে উভয়ের কাছে থাকা ভাতার এক হাজার ৮০০ টাকা হাতিয়ে নিয়ে শাড়ি আনার কথা বলে দ্রুত সটকে পড়ে। সন্ধা পর্যন্ত ওই প্রতারক ফিরে না এলে বৃদ্ধা মাতোবালা ও আম্মাজান বেগম কান্না জুড়ে দেন। পথচারীরা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে তাঁদের সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালান। পরে চাঁদা তুলে উভয়কে রিকশা ভ্যান ভাড়া করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।যাওয়ার সময় মাতোবালা বলেন, ‘এইক্না দিয়া (ভাতার টাকা) মুই জেবন বাঁচি থুচু বাবু। এ্যালা মুই কি খাইম। ঔষোদ কিনিম কি দিয়া।’ আর আম্মাজান বেওয়া নির্বাক হয়ে শুধুই চোখ মুছতে থাকেন। সোনালী ব্যাংক বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক এ টি এম রেজাউল করিম জানান, ওই দিন তাদের গত বছরের অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত তিন মাসের বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়েছে। প্রতারিত হওয়ার ঘটনাটি হূদয়বিদারক।