চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত আসনের বিপরীতে যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী পাওয়া গেছে অর্ধেকেরও কম।এই ইউনিটে পাঁচটি কোটায় সংরক্ষিত আসন আছে ৯৭টি। বিপরীতে যোগ্যতাসম্পন্ন প্রার্থী পাওয়া গেছে মাত্র ৪৩ জন। এসব শিক্ষার্থীর সাক্ষাৎকার কাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে।এদিকে কোটার ক্ষেত্রে পাস নম্বর শিথিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ-্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার পরই বাকি ৫৪ আসনের ব্যাপারে ধারণা পাওয়া যাবে।এই ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও বিজ্ঞান অনুষদের ডিন মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। কোটায় আবেদনকারী যেসব পরীক্ষার্থী ৪০ নম্বর পেয়েছে, শুধু তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।বাকি ৫৪টি আসনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সাধারণ আসনের বাইরে সাতটি কোটায় ভর্তি করা হয়। এর মধ্যে খেলোয়াড় ও শিল্পী কোটার আসন কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত। অন্য পাঁচটি কোটায় ‘এ’ ইউনিটে সংরক্ষিত আসন রয়েছে ৯৭টি।‘এ’ ইউনিটে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় সংরক্ষিত ৪৯ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০ জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত (ওয়ার্ড কোটায়) ২০ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন সাতজন। উপজাতি শিক্ষা-র্থীদের জন্য সংরক্ষিত ১০টি আসনের বিপরীতে তিনজন। একমাত্র অ-উপজাতি কোটায় সংরক্ষিত ছয়টি আসনের বিপরীতে ১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আর বিদেশি কোটায় সংরক্ষিত ১২ আসনের জন্য কেউ আবেদন করেননি।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার এক কর্মকর্তা জানান, কোটায় পাস নম্বর শিথিল করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবেদন করেছেন। উপাচার্য বরাবর তাঁরা এসব আবেদনপত্র জমা দিয়েছেন। উপাচার্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।