'ঐকমত্যের পরিবেশ সৃষ্টি করা দরকার'
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে দেশে সরকার ও বিরোধী দল সংসদে আলোচনার মাধ্যমে সবাই মিলে একটি সমৃদ্ধিশালী দেশ গঠনে এগিয়ে আসবে। যে দেশের তরুণ ছাত্রসমাজ দেশকে নিয়ে ভাবে, সে দেশ উন্নত দেশে পরিণত হবেই। এ কারণেই সর্বাগ্রে একটি ঐকমত্যের পরিবেশ সৃষ্টি করা দরকার।’
গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।
‘সহিংসমুক্ত রাজনীতিই পারে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে’ শীর্ষক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ইডেন মহিলা কলেজ। চ্যাম্পিয়ন দল নগদ এক লাখ টাকা, রানার্সআপ দল ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।