'ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর উন্নয়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা আছে। তবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেগুলো চিহ্নিত করে যৌক্তিক সময়ের মধ্যে সমাধান করা সম্ভব।
গতকাল মঙ্গলবার ‘চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক দ্বিতীয় সমন্বয় সভায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ২৮টি সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাসযোগ্য নগর গড়ে তোলা এবং উন্নয়নকাজে সমন্বয়হীনতা দূর করতে গত ১২ আগস্ট অনুষ্ঠিত প্রথম সভায় ২৩টি সংস্থার কাছে ১২৪টি প্রস্তাব দিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। এর মধ্যে ৩০টিতে অগ্রগতি হয়েছে। গতকাল ১০টি সংস্থার কাছে নতুন করে আরও কয়েকটি প্রস্তাব দেওয়া হয়।
নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যা দূর করার আশ্বাস দিয়ে মেয়র আ জ ম নাছির বলেন, ‘এই শহরে অনেক সমস্যা ছিল ও আছে। বিষয়টি উপলব্ধি করতে পারলে নিজেরাই এসব সমস্যা কীভাবে ও কত দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যায়, তার পথ খুঁজে বের করতে পারব। ইতিবাচক দিক হচ্ছে আমরা বাস্তবতা উপলব্ধি করতে পেরেছি।’
মেয়র জানান, নগরের সমস্যা সমাধানে যখনই যে সংস্থার সঙ্গে প্রয়োজন হবে, তখনই দ্বিপক্ষীয় বৈঠক করা হবে। এ ছাড়া একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আগামী তিন-চার মাসের মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সমন্বয় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, নগরের যানজট নিরসনে বহদ্দারহাট বাস টার্মিনাল সরিয়ে শাহ আমানত সেতু এলাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিডিএর প্রকল্প আছে। তিনি সিডিএর অনুমোদন নিয়ে নগর ভবন নির্মাণের জন্য মেয়রকে অনুরোধ জানান।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, চট্টগ্রামে প্রতিবছর যেসব মেলা হয়, সেগুলোর জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত। তিনি কাজীর দেউড়ির সার্কিট হাউসের সামনে থেকে শিশুপার্ক সরিয়ে নেওয়ারও দাবি জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ করে সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।’
চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, চট্টগ্রাম তথা দেশের স্বার্থে বে-টার্মিনাল নির্মাণে সবার একযোগে কাজ করা উচিত।
গতকালের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লা, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।