'ঐক্যবদ্ধ হলে সবে যক্ষ্মামুক্ত দেশ হবে'
‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ স্লোগান সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্থানীয় এনজিওগুলোর সহায়তায় ওই শোভাযাত্রা হয়। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়। ডেপুটি সিভিল সার্জন নাসরিন বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চিকিৎসক এস এম আমিনুল ইসলাম, সুভাষ চন্দ্র বোস, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রোগ্রাম অর্গানাইজার মো. হান্নান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বের ২২টি যক্ষ্মাপ্রবণ দেশের মধ্যে বাংলাদেশর স্থান ষষ্ঠ। প্রতিবছর তিন লাখ লোক যক্ষ্মা রোগে আক্রান্ত হয়।
নীলফামারী: জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সিভিল সার্জন আবদুর রশীদের সভাপতিত্বে পুরোনো হাসপাতাল চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন চিকিৎসক খোরশেদ আলম, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান প্রমুখ। কর্মসূচিতে নাটাব, ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ডোমার, ডিমলা, জলঢাকায়ও দিবসটি পালিত হয়েছে।
লালমনিরহাট: সিভিল সার্জন কার্যালয় থেকে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুরুজ্জামান আহম্মেদ। সভাপতিত্ব করেন সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, সদর হাসপাতালের এমওসিএইচ সিরাজুল ইসলাম, নারী সংগঠক ফেরদৌসী বেগম, আরডিআরএস বাংলাদেশের স্বাস্থ্য সমন্বয়কারী বিপুল চন্দ্র সরকার, লালমনিরহাট নাটাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আবদুর রব প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ যৌথ উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা হয়। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ, চিকিৎসা কর্মকর্তা শাহীন প্রমুখ।