'ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা গোত্র নয়, আজ পুরো রাষ্ট্রই জঙ্গি আক্রমণের লক্ষ্যবস্তু। এ কারণে রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে জঙ্গিবাদ প্রতিরোধ এগিয়ে আসতে হবে। জঙ্গিরা মানবতার শত্রু। এদের ঠেকাতে সমাজে নৈতিক চর্চা বাড়ানোর বিকল্প নেই।
গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশে নানা ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার কোনো স্থান এ দেশে নেই। কোনো অশুভ শক্তি যাতে তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যেতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শৈশব থেকেই মানবতা ও নৈতিকতার শিক্ষা দিতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাগীশিকের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ শর্মা। স্বাগত বক্তব্য দেন অঞ্জন কুমার দাশ। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগীশিকের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় লক্ষ্মী দেবী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মহানগরের সভাপতি সুকুমার দাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ।