‘ঐক্যবদ্ধ’ সিলেট বিএনপির ঢাকাযাত্রা অনিশ্চিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিএনপির পুরোনো বিভক্তি ফের প্রকাশ্য হয়ে উঠছে। ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির ব্যাপক প্রস্তুতির তোড়জোড়ে মহানগরের পৃথক কর্মিসভায় পুরোনো বিভক্তির সূত্র ধরে পাল্টাপাল্টি ধাওয়ায় ‘ঐক্যবদ্ধ’ বিএনপির ঢাকা যাত্রায় ভর করেছে অনিশ্চয়তা। কেন্দ্রীয় কর্মসূচির আর মাত্র তিন দিন হাতে থাকলেও এখনো চূড়ান্ত হয়নি ঢাকায় যাওয়ার বিষয়টি।মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রস্তুতিতে আমাদের ঘাটতি নেই। তবে ঢাকায় যোগাযোগ করে হোটেল পাচ্ছি না। কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়িও পাচ্ছি না। এ অবস্থায় আমরা নেতৃস্থানীয়রা হয়তো আগের দিন বসে কীভাবে ঢাকায় যাওয়া যাবে কিংবা থাকা যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে সিলেটে প্রায় মাসাধিককাল ধরে চলছে ব্যাপক প্রচারণা। জেলা ও মহানগর কমিটি যৌথভাবে নগরে ও উপজেলাগুলোতে শতাধিক জনসভা করেছে। গত সোমবার অনুষ্ঠিত জেলা কমিটির কর্মিসভায় নগর কমিটির নেতারা হাজির না থাকা এবং মঙ্গলবার মহাগরের কর্মিসভায় জেলার নেতাদের উপস্থিতি নিয়ে হট্টগোল—সিলেট বিএনপির সেই পুরোনো বিভক্তির রেষ বলে সাধারণ কর্মীরা এক ধরনের ভীতির মধ্যে আছেন।সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান ও বিএনপির বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ঘিরে সিলেট বিএনপিতে দুই ধারা ২০০৫ সাল থেকেই বিদ্যমান। সাইফুর রহমান মারা যাওয়ার পর বিএনপিতে তাঁর অনুসারী নেতা-কর্মীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েন। জেলা কমিটির বিভিন্ন পদে থাকা প্রায় সব নেতাই বর্তমানে ইলিয়াস অনুসারী।তবে বিভক্ত নেতারা ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের ব্যাপারে বিভাজনের বিষয়টি এড়িয়ে সংগঠনের ‘ঐক্যবদ্ধ’ অবস্থার কথা তুলে ধরছেন। মহানগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, ‘সিলেট বিএনপি এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।’নাম প্রকাশে অনিচ্ছুক মহানগরের একাধিক নেতা জানান, এবার জেলা কমিটির পুরোটাই ইলিয়াস অনুসারী। আর মহানগরের নেতৃত্ব পর্যায়ের বিরাট অংশ ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে শমসের মুবিন চৌধুরীকে সামনে নিয়ে এসেছেন। এ নিয়ে সাধারণ কর্মীদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠায় ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে নেতারা আশঙ্কা করছেন।মহানগরের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচিতে যাতে কর্মী-সমর্থকেরা অংশ না নেয় সে জন্য ভয়-ভীতিও দেখানো হচ্ছে।’