'ঐশীর বয়স প্রায় ১৯'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান।
মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান।

পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের মেয়ে ঐশী রহমানের বয়স ‘প্রায় ১৯’ বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।
হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ঐশীর বয়স ১৮-এর ওপর। ঐশীর বয়স নির্ধারণে শারীরিক ও রেডিলোজিক্যাল এ দুই ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাঁর ওজন, উচ্চতা, চুলের বিন্যাস ও দাঁতের গড়ন দেখা হয়েছে। এ ছাড়া তাঁর হাড়ের এক্সরে করা হয়েছে।
ঐশীকে প্রাপ্তবয়স্ক প্রমাণে কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে ওই চিকিত্সক বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, তাঁরা পরীক্ষা-নিরীক্ষায় যা পেয়েছেন তা-ই প্রতিবেদনে উল্লেখ করে আদালতে জমা দিয়েছেন।

গত ১৬ আগস্ট চামেলিবাগের ভাড়া বাসায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান দম্পতি খুন হন। তাঁদের মেয়ে ঐশী রহমান আদালতে হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঐশী ও তাঁদের ১১ বছর বয়সী গৃহকর্মী সুমিকে রিমান্ডে নেওয়া হলে সমালোচনার মুখে পড়ে পুলিশ। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ‘অপ্রাপ্তবয়স্ক শিশুদের’ রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। গত ২১ আগস্ট বয়স নির্ধারণের জন্য ঐশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।