'ও ডাক্তার অইলেই আমার কষ্ট সার্থক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ বছর আগে দুই শিশু ছেলেমেয়েসহ তাঁকে ফেলে চলে যান স্বামী। সন্তানদের মুখে দুমুঠো ভাত জোগাতে অন্যের বাড়ি, মাটি কাটা থেকে শুরু করে ইটভাটায় শ্রমিকেরও কাজ করেন। শত অভাব-অনটনের মধ্যে দুই ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন। দরিদ্র ও মেধাবী কোটায় ছেলে পড়ছেন একটি বেসরকারি মেডিকেল কলেজে। মেয়ে এবার এসএসসি পরীক্ষা দেবে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পারবাউলীকান্দা গ্রামের ওই সফল জননী মর্জিনা বেগম (৩৬) তাঁর সংগ্রামের স্বীকৃতি পেয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর হাতে জেলার সফল জননীর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মাসুদ করিম। মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় গতকাল মর্জিনাসহ পাঁচ নারীকে সম্মাননা জানানো হয়।
অন্য চার নারীর মধ্যে ছবুরা বেগম নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে সাফল্য অর্জন করায়, ছানিহুর আক্তার শিক্ষা-চাকরির ক্ষেত্রে, সোনাবান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় হাফিজা বেগমকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

মর্জিনা বেগম জানান, প্রথমে অন্যের বাড়িতে কাজ করে পরে মাটি কেটে যে আয় হতো তা দিয়ে সন্তানদের নিয়ে দুমুঠো খাবারের জোগান হতো। অন্যের সাহায্য-সহযোগিতায় চলে ছেলেমেয়ের পড়াশোনার খরচ।
মর্জিনা বলেন, ‘পোলা-মাইয়ারে মানুষ করার জন্যি এহনও কষ্ট কইর‌্যা যাচ্ছি। আমার চাওয়ার কিছু নাই, ও (ছেলে রাসেল বিশ্বাস) ডাক্তার অইলেই আমার কষ্ট সার্থক। লেহাপড়ার জন্য যারা উৎসাহ দিছে, তাগো কাছে আমি কৃতজ্ঞ।’