‘ওঁদের চক্ষুলজ্জাও নেই’
নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১০ প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মোট ৩১টি মামলা রয়েছে।মামলায় অভিযুক্ত মেয়র পদপ্রার্থীদের মধ্যে সোহরাব হোসেনের (বর্তমান মেয়র) নামে সাতটি ও জাহাঙ্গীর বিশ্বাসের নামে তিনটি এবং কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের নামে দুটি, ২ নম্বর ওয়ার্ডের মুশফিকুর রহমানের নামে তিনটি, ৩ নম্বর ওয়ার্ডের খন্দকার মুনছুর বিল্লাহর নামে পাঁচটি, ৬ নম্বর ওয়ার্ডের কবির হোসেনের নামে ছয়টি, একই ওয়ার্ডের শরফুল আলমের নামে দুটি, ৯ নম্বর ওয়ার্ডের তেলায়েত হোসেনের নামে একটি, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ইপি রানী অধিকারীর নামে একটি ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী জয়ন্তী রানী বাগচির নামে একটি মামলা রয়েছে। প্রার্থীদের হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মেয়র পদপ্রার্থী সোহরাব হোসেন বিশ্বাস বিএ, এলএলবি। জুলফিকার আলী মণ্ডল ও বদরুল ইসলাম এইচএসসি পাস। জাহাঙ্গীর বিশ্বাস ও অশোক কুমার কুণ্ডু অক্ষরজ্ঞানসম্পন্ন।বরাশুলা গ্রামের সংস্কৃতিকর্মী শেখ আবু হানিফ বলেন, ‘দুর্নীতির জন্য তত্ত্বাবধায়ক সরকারের সময় মেয়রসহ কয়েকজন কাউন্সিলরকে আটক করা হয়। তাঁদের নামে দুদকে তিন থেকে সাতটি করে মামলা রয়েছে। তার পরও তাঁরা নির্বাচনে দাঁড়িয়েছেন। ওঁদের চক্ষুলজ্জাও নেই।’ তিনি বলেন, ‘দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ভোট দেব না।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি কাজী হাফিজুর রহমান জানান, মেয়র পদপ্রার্থীদের অধিকাংশের বিরুদ্ধে মামলা আছে বা ছিল। একজন বাদে অন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করার মতো নয়। তিনি আরও বলেন, গত দুই মেয়াদে পৌরসভায় যে হারে দুর্নীতি হয়েছে, দুদকের মামলাগুলোই তার প্রমাণ বহন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি হাফিজুর রহমান মনে করেন, স্থানীয় সরকারব্যবস্থায় প্রার্থীর যোগ্যতাই মুখ্য হওয়া উচিত। এখানে দলীয় মনোনয়ন দুর্নীতিবাজ প্রার্থীদের ভিত শক্ত করে দিচ্ছে। যোগ্য ও ভালো মানুষদের পৌরসভা নির্বাচনের ব্যাপারে এগিয়ে আসতে হবে। নইলে সবকিছু নষ্টদের দখলে চলে যাবে।