‘ওঁরা ১১ জন’ পথের কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঁরা ১১ জন! ওঁদের নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যানরা। ওঁদের কারণে আটকে যাচ্ছে প্রকল্পের কাজ। দরিদ্ররা বঞ্চিত হচ্ছে কর্মসংস্থান কর্মসূচির কাজ থেকে। ফেরত যাচ্ছে ভিজিএফের চাল।এই ১১ জন হলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতিটি ইউনিয়নে ১১ জনের একটি করে কমিটি করে দিয়েছেন। কমিটির সদস্য তথা ক্ষমতাসীন দলের নেতারা নিজেদের মতো কাজ করছেন। কখনো বরাদ্দের ভাগ দাবি করে বসছেন। এতে বাগমারায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা দেখা দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভিজিএফ ও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের নির্দেশ দেয়। ইউনিয়ন কমিটিতে ইউপি চেয়ারম্যান সভাপতি, ইউপি সচিবকে সদস্যসচিব, সব ওয়ার্ড সদস্য পদাধিকারবলে সদস্য এবং ইউএনও মনোনীত ১১ জন প্রতিনিধিকে এই কমিটির সদস্য করা হয়। এ ছাড়া উপজেলা কমিটিতে রাখা হয়েছে আরও চারজনকে। তাঁরাও ইউএনও মনোনীত।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভিজিএফ কমিটির সভাপতি ডি এম জিয়াউর রহমান অভিযোগ করেন, ইউএনওর মনোনীত ব্যক্তিরা আওয়ামী লীগের লোক। এ কারণে ভিজিএফ ও অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার যেমন খর্ব হচ্ছে, তেমনি দুর্নীতির কারণে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারার ১৬টি ইউনিয়নে ইউএনও মনোনীত ব্যক্তিরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং তাঁদের আত্মীয়স্বজন। মাড়িয়া ইউনিয়নে এই কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ওই ইউ-নিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ওয়ার্ড সভাপতি অসিত কুমার ও আবদুল কুদ্দুস; গোয়ালকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা তরুণ লীগের সভাপতি আবু জাফর; যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক শামসুল হক; গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম; বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক সোলায়মান আলী। অন্য ইউনিয়নগুলোতেও একই অবস্থা।ইউপি চেয়ারম্যান ও সদস্যরা অভিযোগ করেন, ইউএনওর নির্বাচিত ‘ওঁরা ১১ জন’ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি করছেন। ওই ১১ জন ভিজিএফ ও অতিদরিদ্রদের তালিকা তৈরিতে সমস্যা সৃষ্টি করে থাকেন। তাঁরা ইউনিয়নে বরাদ্দের মোট তালিকার ৬০ ভাগ থেকে পুরোটাই দাবি করেন। তাঁদের দাবি মানা না হলে প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয়।বড়বিহানালী ইউ-পির চেয়ারম্যান রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত ঈদুল আজহার জন্য বরাদ্দ ভিজিএফ চালের তালিকা তৈরিতে ‘ওঁরা ১১ জন’ বাধা দিয়েছেন। তাঁরা বরাদ্দ করা পুরো তালিকা নিজেরা তৈরি করার প্রস্তাব দেন। এতে রাজি না হলে তাঁরা পাল্টা তালিকা করে জমা দেন। এতে কোনো তালিকা অনুমোদন না দেওয়ায় চাল ফেরত যায়। শুধু বড়বিহানালী নয়, আরও ছয় ইউনিয়নে একই অবস্থার কারণে চাল ফেরত গেছে।এদিকে ‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’ প্রকল্প বাস্তবায়নেও সমস্যার সৃষ্টি হয়েছে ‘ওঁরা ১১ জন’-এর জন্য। এই প্রকল্পেও তাঁরা নিজেরা তালিকা তৈরি করছেন এবং তালিকায় ভাগ বসাচ্ছেন। এই কমিটির সদস্যসচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু লোহেল আল মামুন জানান, নির্দিষ্ট সময়ে তালিকা না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। গোয়ালকান্দি ইউনিয়ন কমিটির সদস্য ও উপজেলা তরুণ লীগের সভাপতি আবু জাফর জানান, তাঁরা ৫০ ভাগ তালিকা দাবি করেছেন। চেয়ারম্যান তাতে রাজি হয়েছেন। এ কারণে তাঁরা কোনো জটিলতার সৃষ্টি করেননি।যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিটির সদস্য শামসুল হক জানান, তাঁরা ইউএনওর মনোনীত গণ্যমান্য ব্যক্তি হিসেবে সদস্য হয়েছেন। তাঁরা ৫০ ভাগ তালিকা দাবি করেছেন। চেয়ারম্যান তাতে রাজি হননি। এ কারণে তাঁদের ইউনিয়নের তালিকা জমা হয়নি। তাঁদের কমিটিতে রাখা হয়েছে, এ কারণে তাঁরা নিজেদের কিছু লোককে তালিকায় রাখতে চাইছেন। উপজেলার অন্য ইউনিয়নের কমিটির সদস্যরাও প্রায় একই রকম কথা বলেছেন।ইউএনও আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘আমি এলাকার কাউকে সেভাবে চিনি না। এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ মহোদয়ের পরামর্শ নিতে হয়। সেভাবে তাঁদের মনোনীত করা হয়েছে।’