আজ ঐতিহাসিক ১৭ এপ্রিল, মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের মুজিবনগরে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। অনেকের মতো ওই ইতিহাসের সাক্ষী হয়েছিলেন মুজিবনগর দারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাকের আলী, তৎকালীন মুজিবনগর সংগ্রাম কমিটির সভাপতি আবদুল মোমিন চৌধুরী, কমিটির সাধারণ সম্পাদক দোয়াজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন ও সেদিনের সাধারণ দর্শক সুভাস মল্লিক। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় ওই সময়ের কিছু স্মৃতি রোমন্থন করেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই মানুষেরা।সহকারী অধ্যাপক বাকের আলী মুজিবনগর দিবসে কোরআন তেলাওয়াত করেছিলেন। জানালেন, ওই দিন খুব সকালে জাতীয় নেতারা মুজিবনগরে উপস্থিত হন। সরকার গঠন অনুষ্ঠানে তাঁকে কোরআন তেলাওয়াতের দায়িত্ব দেওয়া হয়। নেতারা তাঁর নাম লিখে নেন এবং মূল অনুষ্ঠানের আগে তেলাওয়াত শোনেন। এরপর মূল অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তিনি। বাকের আলী বলেন, ‘অনুষ্ঠানটি মাত্র ৩০ মিনিট স্থায়ী হলেও উপস্থিত সবার মধ্যে ছিল স্বাধীনতার উন্মাদনা ও জীবনবাজি রেখে দেশকে মুক্ত করার শপথ।’তৎকালীন মুজিবনগর সংগ্রাম কমিটির সভাপতি আবদুল মোমিন চৌধুরী বলেন, তখন (১৯৭১ সালের এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী। ঐতিহাসিক ওই ক্ষণে তাঁর শূন্যতা পূরণে পাথরের তৈরি বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি ভারত থেকে মুজিবনগরে আনা হয়। সেটি স্থাপনের সব প্রস্তুতিও ছিল। কিন্তু প্রতিকৃতিটি স্থাপন করা হলে ‘বঙ্গবন্ধু মারা গেছেন’ এই সন্দেহ দানা বাঁধতে পারে, যা মুক্তিকামী মানুষকে হতাশ করবে—এমন চিন্তাভাবনা থেকেই তৎকালীন নেতারা প্রতিকৃতিটি স্থাপন না করার সিদ্ধান্ত নেন।মুজিবনগর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক দোয়াজ উদ্দিন মাস্টার বলেন, সেদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গোলক মজুমদার, নদীয়ার জেলা প্রশাসক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী সাদা পোশাকে বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতিটি ভারত থেকে আনেন। পরে তাঁরাই আবার প্রতিকৃতিটি ফিরিয়ে নিয়ে যান।সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন বলেন, ‘১৯৭১ সালের ১৫ এপ্রিল জাতীয় নেতারা ভারত থেকে মুজিবনগরে এসে সরকার গঠনের স্থান নির্ধারণ করে তাঁদের সঙ্গে আলাপ করে গিয়েছিলেন। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল বিএসএফের। কলকাতা প্রেসক্লাব থেকে বিদেশি সাংবাদিকদের নিয়ে একটি গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে মুজিবনগরে হাজির হয়েছিল। সেদিন মুজিবনগরের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কি না সন্দেহ।’ওই দিন সরকার গঠন অনুষ্ঠানের একজন সাধারণ দর্শক ছিলেন সুভাস মল্লিক। তিনি এখন মুজিবনগর স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করেন। সুভাস বললেন, ‘মুজিবনগর দিবসে সরকার গঠনের অনুষ্ঠান দেখেছি বলেই এখন সবকিছু ছেড়ে এই স্মৃতিসৌধ এলাকা ঝাড়ু দিয়ে বেড়াই। প্রতিদিন সকাল-সন্ধ্যা ঝাড়ু দিয়ে মুজিবনগর স্মৃতিসৌধকে পরিষ্কার রাখা এবং সেদিনের ইতিহাস দর্শনার্থীদের কাছে তুলে ধরার কাজ করি। কেউ জুতা পায়ে স্মৃতিসৌধে উঠলে বা নোংরা কিছু স্মৃতিসৌধ এলাকায় ফেললে খুবই কষ্ট লাগে।’ স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতেই ব্যতিক্রমী কাজ বেছে নিয়েছেন বলে জানান সুভাস।