‘ওই রাস্তায় গেলেই রিকশা মেকারের কাছে নিতে হয়’
‘শরীরে জ্বর নিয়েই ছেলেটা স্কুলে এসেছিল পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে। কিন্তু বাড়ি ফিরতে পারছি না। কারণ, রিকশাওয়ালারা কেউ আমার বাসার রাস্তায় যেতে চাচ্ছে না। সবার অভিযোগ, রাস্তাটি চলাচলের অযোগ্য। ওই রাস্তায় গেলেই নাকি রিকশা নিয়ে মেকারের কাছে যেতে হয়!’ নাটোর শহরের কানাইখালী মহল্লার গৃহবধূ শামীমা বেগম গত মঙ্গলবার দুপুরে শুকলপট্টি মহল্লার মনিষা ভবনের সামনে দাঁড়িয়ে এভাবেই তাঁর দুর্ভোগের কথা জানালেন। তাঁর পাশে দাঁড়ানো প্রতিবেশী রুহুল বারী জানান, স্কুল থেকে চালপট্টি হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়ির মোড় পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তায় বের হওয়াই যাচ্ছে না। ভাড়ার কোনো পরিবহন এই রাস্তায় চলাচল করতে চায় না। হঠাৎ কেউ এলে অস্বাভাবিক ভাড়া দাবি করে। চালপট্টির এই রাস্তার মতো বলারিপাড়া, চৌকিরপাড়, মল্লিকহাটি, বউবাজার, পিটিআই ও মিরপাড়া মহল্লার রাস্তার করুণ অবস্থা। দীর্ঘদিন সংস্কার না করায় এসব রাস্তার পিচ কার্পেটিং ও ইট-খোয়া উঠে গেছে। এর পাশাপাশি রাস্তার পাশের বাড়ির ছাদের পানি সরাসরি রাস্তার ওপর পড়ায় অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বহীনতার কারণেও রাস্তায় চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তার পাশের নালার ঢাকনা উঠিয়ে যত্রতত্র রেখে দেন। নালার ময়লা-আবর্জনা উঠিয়ে রাস্তার ওপর ফেলে রাখেন। এসব কারণে রাস্তার বেহাল দশা হয়েছে। চৌকিরপাড়ের বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের মহল্লার রাস্তা দিয়ে পৌরসভার সব ময়লা-আবর্জনা পরিবহন করা হয়। গাড়ি থেকে ময়লা-আবর্জনা পড়ে সারা বছর রাস্তা নোংরা থাকে। একটু বৃষ্টি হলেই এসব ময়লা-আবর্জনায় পথচলা মুশকিল হয়ে ওঠে।’ মেয়র শেখ এমদাদুল হক বলেন, ‘বর্ষা পার হলেই সব রাস্তা সংস্কারের কাজ করা হবে। এ মুহূর্তে জনগণের দুর্ভোগের জন্য আমি দুঃখিত।’