তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল-সংক্রান্ত রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, এই রায়কে কোনো রায় হিসেবে গণ্য করা যায় না।গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে জয়নুল আবেদীন এ মন্তব্য করেন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি বলেন, ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী আপিলের আদেশের মূল অংশ (অপারেটিভ পোরশন) ঘোষণা করেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। পূর্ণাঙ্গ রায় লেখা ও স্বাক্ষরের আগেই সরকার তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে। ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগের রুলসের সুস্পষ্ট লঙ্ঘন করে রায়ের মূল অংশের ভিন্ন একটি অপারেটিভ অংশ ঘোষণা করেন তিনি।জয়নুল আবেদীন আরও বলেন, বিচারপতি খায়রুল হকের শপথ থাকাকালীন ১০ মে তত্ত্বাবধায়ক সরকার মামলার রায়ের মূল অংশ ঘোষণা করেছিলেন। ১৮ মে তিনি অবসর নেন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রায় লেখা ও স্বাক্ষরের সময় তাঁর শপথ ছিল না। কাজেই তাঁর প্রদত্ত রায়কে কোনো রায় হিসেবে গণ্য করা যায় না।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন মন্তব্য করেন, ‘দেশের বর্তমান এই সংঘাত, প্রাণহানি, ভাঙচুর এবং গণতন্ত্র ও বিচারব্যবস্থার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি—সবকিছুর জন্য বর্তমান সরকার ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সম্পূর্ণরূপে দায়ী। এই রায়কে পুঁজি করে সরকার গণতন্ত্রকে নস্যাত্ এবং ক্ষমতা চিরস্থায়ী করার পাঁয়তারা চালাচ্ছে।’