‘ওগো প্যাডে বেশি ক্ষুধা’
চার মাস পার হলেও ভোলার পাঁচটি ইউনিয়নের প্রায় সাড়ে পাঁচ হাজার জেলে এখন পর্যন্ত সরকারি বরাদ্দের চাল পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নগুলো হলো: রাজাপুর, ভেলুমিয়া, ভেদুরিয়া, উত্তর দিঘলদী ও পূর্ব ইলিশা।সদর উপজেলার রাজাপুর ফেরিঘাটে জেলে সফিজল মাঝি (৪৫) বলেন, ‘জাইল্যাগো দোহাই দিয়া ন্যাতারা ওই চাউল খাইয়্যালায়। ওগো প্যাডে আমাগোত্তেন বেশি ক্ষুধা।’ একই ধরনের অভিযোগ করেন রাজাপুর ইউনিয়নের কয়েকজন জেলে।মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাটকা ও মাছের রেণু পোনা সংরক্ষণের জন্য মৎস্য অধিদপ্তর ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর প্রায় ২০০ কিলোমিটার জলসীমায় দুই মাস (মার্চ-এপ্রিল) সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে। এ জন্য মৎস্য অধিদপ্তর চার মাস (ফেব্রুয়ারি-মে) জেলেপ্রতি ৮০ কিলোগ্রাম (কেজি) চাল বরাদ্দ দেয়। ফেব্রুয়ারির প্রথম দিক থেকে এই চাল তাঁদের দেওয়ার কথা। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন বলেন, ‘অনেক আগেই জেলেদের মধ্যে চাল বিতরণের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যানরা বিতরণ করছেন না কেন, বলতে পারব না।’জেলা খাদ্য অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ১২টি ইউনিয়নের জেলেদের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রাজাপুর, ভেলুমিয়া, ভেদুরিয়া, উত্তর দিঘলদী ও পূর্ব ইলিশা ইউনিয়নের পাঁচ হাজার ৩৫১ জন জেলেকে এখন পর্যন্ত কোনো চাল দেওয়া হয়নি। এ ছাড়া বাপ্তায় দুই মাস এবং বাকি ছয়টি ইউনিয়নে এক মাস করে চাল দেওয়া বাকি রয়েছে।সদরের ইউএনও মো. সেলিম ফকির বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ না নেওয়ায় চাল দিতে বাধা দিচ্ছেন। এ ছাড়া ৭ জুন কাচিয়া, রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য চাল বিতরণ করা হয়নি। আশা করি এক সপ্তাহের মধ্যে জেলেরা চাল পেয়ে যাবেন।’