'ওতপাতা' যুবকেরা ছিনিয়ে নিল ১৪ লাখ টাকা
ব্যাংক থেকে কারখানায় নিয়ে যাওয়ার পথে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় তারা ককটেলের বিস্ফোরণ এবং ওই কারখানার কর্মকর্তাদের মারধর করেছে। এ ঘটনার সঙ্গে কারখানাটির কোনো কর্মকর্তার যোগসাজশ থাকতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে।
আজ রোববার আশুলিয়ার জিরানীতে ইসলামী ব্যাংক থেকে ১৪ লাখ টাকা তুলে গাজীপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় সানগড় টেক্সটাইল লিমিটেডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সানগড় টেক্সটাইল লিমিটেডের পাঁচজন কর্মকর্তা আশুলিয়ার জিরানী বাজার এলাকায় ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৪ লাখ টাকা তোলেন। এতগুলো টাকা নিয়ে তাঁরা একটি ইজিবাইকে করে জিরানী থেকে কারখানার উদ্দেশে রওনা হন। কারখানার কাছাকাছি পৌঁছালে ওয়াপদা এলাকায় আগে থেকেই সেখানে ওত পেতে থাকা ছয়জন যুবক ইজিবাইকের গতিরোধ করে। তারা অস্ত্র দেখিয়ে ও ককটেল ফাটিয়ে ১৪ লাখ টাকা লুট করে নেয় এবং কারখানার কর্মকর্তাদের মারধর করে। ছিনতাইকারীদের বাধায় কারখানার এজিএম মহীউদ্দিন আহত হন। পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে কারখানাটির কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারেন।
কারখানার আরেক এজিএম এনায়েত হোসেন প্রথম আলোকে জানান, সানগড় টেক্সটাইল লিমিটেডে চার শতাধিক শ্রমিক কাজ করেন। আজ তাঁদের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল।