'ওদের একেবারে ঘুম পাড়িয়ে এসেছি আর উঠবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেলা একটা ৩০ মিনিটে হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের বাড়িতে আসে ছোটন। তাকে উন্মাদের মতো মনে হলো। তার আপন বোন তানজিনাকে দেখে গাছের ডাল দিয়ে একটা বাড়ি (আঘাত করে) মারে। আর বলে, ওদের একেবারে ঘুম পাড়িয়ে এসেছি, আর উঠবে না।’
কুমিল্লা শহরের দক্ষিণ রসুলপুর এলাকায় গত শনিবার ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনিকে হত্যা মামলার প্রধান আসামি মো. আল সফিউল ইসলাম ওরফে ছোটনের চাচাতো ভাই মফিজুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে এসব কথা বলেন। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাঁদের সৎভাই ছোটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। গতকাল সকালে মামলাটি করেন শিশু দুটির মা রেখা বেগম।
মফিজুল ইসলাম বলেন, ‘আবু (আবুল কালাম) চাচার পরিবারের সঙ্গে আমাদের তেমন কোনো যোগাযোগ নেই। হত্যার ঘটনার পর ওনার মেয়ে তানজিনা আমাদের বাড়িতে আসে। ও আসার আগে-পরে দুই দফা ছোটন আসে। পরে জানলাম, আবু চাচার ছোট দুই সন্তানকে হত্যা করে সে এখানে এসেছে। এরপর এখান থেকে চলে যায়। এর বেশি কিছু জানি না।’
এদিকে এলাকার অন্তত তিনজন বাসিন্দা দাবি করেছেন, ছোটন মাদকাসক্ত। তবে তাঁর বাবা ও বোনের দাবি, এ অভিযোগ সঠিক নয়।
হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল ছোটনের আপন ছোট বোন সুফিয়া আক্তার তানজিনা। সে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। তানজিনা প্রথম আলোকে বলে, ‘জয় ও মনি স্কুল থেকে ফেরার পর ভাইয়া ওদের সঙ্গে খেলছিল। পরে দোকান থেকে ওদের জন্য চিপস, লিচু ও আইসক্রিম আনে। এরপর আমি বাথরুমে ভাইয়ার জামাকাপড় পরিষ্কার করছিলাম। বাথরুম থেকে বেরিয়ে খাওয়ার জন্য ভাইয়াকে বহুবার ডাকাডাকি করি। পরে ওই কক্ষের দিকে এগিয়ে যেতেই ভাইয়া ঘরে থাকা তালা দিয়ে বেরিয়ে যায়।’
হত্যাকাণ্ডের সময় কোনো চিৎকার শুনতে পেয়েছিল কি না—জানতে চাইলে তানজিনা বলে, ‘আমি কোনো চিৎকার শুনিনি। ভাইয়া ল্যাপটপে উচ্চ শব্দে গান শুনছিল।’
নিহত শিশুদের বাবা আবুল কালাম দাবি করেন, ‘গ্যাসলাইন নিয়ে পাশের বাড়ির আবদুস সাত্তারের সঙ্গে আমার বিরোধ রয়েছে। সাত্তারের পরামর্শে এবং প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ইন্ধনে আমার বড় ছেলে ছোটন (সফিউল) এ হত্যাকাণ্ড ঘটায়।’
জয় ও মনির দাফন গতকাল বাদ জোহর রসুলপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। শিশু দুটিকে চিরবিদায় জানাতে এ সময় এলাকার শত শত লোক হাজির হন। এর আগে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক বলেন, ময়নাতদন্তে মনির গলায় দাগ পাওয়া যায়। আর মেহেদী হাসানকে বালিশ ও গামছা অথবা অন্য কোনো কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, ‘সফিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।’
শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ: গতকাল সকালে ঢুলিপাড়া হলি চাইল্ড আইডিয়াল স্কুলের সামনের সড়কে মানববন্ধন করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। জয় এই বিদ্যালয়ের প্রথম শ্রেণির এবং মনি নার্সারির শিক্ষার্থী ছিল।