'ওদের কারণে আমি স্বামীহারা আমার মেয়ে পিতাহারা'
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের সহযোগী নিহত মনিরুজ্জামান স্বপনের স্ত্রী মোর্শেদা বেগমসহ সাতজন গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আদালত সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে ৯ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
আদালতে দেওয়া সাক্ষ্যে মোর্শেদা বেগম বলেন, সাত খুনের ঘটনার এক মাস আগেই মনিরুজ্জামান স্বপন তাঁকে বলেছিলেন, নূর হোসেন কাউন্সিলর নজরুলসহ তাঁকে মারার জন্য নানাভাবে চেষ্টা করছেন। তাঁদের যেকোনো সময় মেরে ফেলতে পারেন—এই আশঙ্কায় ছিলেন মনিরুজ্জামান। নূর হোসেন তাঁদের মিথ্যা অভিযোগে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেছিলেন। মোর্শেদা বেগম বলেন, নূর হোসেনই সাত খুনের মূল পরিকল্পনাকারী। তাঁর পরিকল্পনা ও অর্থায়নে র্যাব সাতজনকে অপহরণ, খুন ও লাশ গুম করেছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল হত্যাকাণ্ডের দিন সহযোগী মনিরুজ্জামান স্বপনের গাড়িতে চড়ে আদালত থেকে যাওয়ার পথেই অপহৃত হন কাউন্সিলর নজরুলসহ পাঁচজন। ঘটনার সময় মনিরুজ্জামান স্বপনের ছোট মেয়ে তাবাসসুম মাহীর বয়স ছিল ছয় মাস।
সাক্ষ্য গ্রহণ শেষে আদালতকক্ষ ত্যাগ করার সময় কাঠগড়ায় দাঁড়ানো নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ আসামিদের লক্ষ্য করে মোর্শেদা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওদের কারণে আমি স্বামীহারা হয়েছি। ওদের কারণে আমার মেয়ে পিতাহারা হয়েছে। আমার সন্তানেরা এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। আমি ওদের বিচার চাই।’
সাক্ষ্য গ্রহণ শেষে সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, মনিরুজ্জামান স্বপনের স্ত্রী মোর্শেদা বেগম, জয়দেবপুর থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল হক, স্বপনের গাড়ির জব্দ তালিকার সাক্ষী আনোয়ার হোসেন ও মোক্তার হোসেন, কনস্টেবল বদরুল আলম, ফতুল্লা মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান ও কনস্টেবল সেলিম মিয়া আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন।
তবে অপর তিন সাক্ষী মাধব কুমার দে, এনায়েত হোসেন ও সবুর মোল্লা সাক্ষ্য দিতে না আসায় তাঁদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়নি। আদালত ৯ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুটি মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, নিহত মনিরুজ্জামানের স্ত্রী মোর্শেদা বেগম আদালতে তাঁর স্বামীসহ সাতজনকে অপহরণের পর হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছেন।
এই নিয়ে সাত খুনের দুটি মামলায় দুজন বাদী ও দুজন বিচারিক হাকিমসহ ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন র্যাবের হাতে অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের ও ১ মে আরও একজনের লাশ ভেসে ওঠে।