'ওদের বাঁচাতে পারলাম না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদের রাজঘাট থেকে পুণ্যস্নান শেষ করে স্ত্রী রাহী দাস ও শাশুড়ি ভগবতী দাসকে সঙ্গে নিয়ে ফিরছিলেন জনি চন্দ্র দাস। ঘাট থেকে উঠে কয়েক গজ সামনে এগোতেই যে এমন কিছু অপেক্ষা করছে, তা ধারণাতেও ছিল না জনির। হঠাৎ হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি। মানুষের ভিড় কিছুটা কমে আসার সঙ্গে সঙ্গে জনি দেখলেন, তাঁর স্ত্রী ও শাশুড়ি রাস্তায় নিথর পড়ে আছেন। চিকিৎসক এসে পরীক্ষা করে জানালেন, দুজনই মারা গেছেন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে হিন্দু সম্প্রদায়ের পুণ্যস্নানে পদদলিত হয়ে এই দুজনসহ ১০ জনের মৃত্যু হয়।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর লাশের পাশে দাঁড়িয়ে থাকা জনির সঙ্গে কথা হচ্ছিল। জনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কী হলো। প্রচণ্ড ভিড়ের কারণে আমি রাহীর হাত ধরে রেখেছিলাম। হঠাৎ বুঝতে পারলাম, আমার হাত থেকে রাহীর হাত ছিটকে বেরিয়ে যাচ্ছে। আমি হাতটি ধরে রাখার প্রাণপণ চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। রাহী ও তার মা রাস্তার ওপর লুটিয়ে পড়ল। ওদের বাঁচাতে পারলাম না। শত শত মানুষের পায়ের নিচে ওরা পিষ্ট হয়ে গেল। মনে হচ্ছিল, ও (রাহী) কয়েকবার আমাকে ডাকল। হয়তো ভুলই শুনেছি। কিন্তু এখনো ওর গলার স্বর কানে বাজছে।’
কয়েক বছর আগে জনির সঙ্গে রাহীর বিয়ে হয়। তাঁরা দুজন ঢাকার লালবাগের শেখসাহেব বাজার এলাকার একটি বাসায় থাকেন। আর শাশুড়ি ভগবতী দাস থাকেন জিগাতলায়। তাঁর স্বামীর নাম নিতাই চন্দ্র দাস।
পুণ্যস্নান শেষে ফিরছিলেন অচিন্ত্য মণ্ডল ও তাঁর স্ত্রী জয়িতা মণ্ডল। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র পাড়ে ঢোকার মুখে কথা হলো অচিন্ত্য মণ্ডলের সঙ্গে। তাঁরা এসেছেন নরসিংদীর রায়পুরা থেকে। এবারই প্রথম পুণ্যস্নানে এলেন। অচিন্ত্য বলেন, ‘ধাক্কাধাক্কিতে স্ত্রী পড়েঅ যায়। তাকে তুলতে গেলে আমিও পড়ে্ যাই। মানুষের পায়ের যত পাড়া তা আমার ওপর দিয়ে গেছে। স্ত্রীকে রক্ষা করতে পেরেছি। ও কিছুটা আহত হয়েছে।’
গতকাল পুণ্যস্নানে আসা মানুষের মধ্যে ছিল বিষাদের সুর। এতগুলো মানুষের মৃত্যু তাঁরা মেনে নিতে পারছিলেন না। অনেকে ক্ষোভ প্রকাশ করলেন ব্যবস্থাপনা নিয়ে। তাঁদের অভিযোগ, অবৈধ দখলদারেরা ঘাটসংলগ্ন সড়কটি দখল করে নিয়েছে। এ জন্য রাস্তাটি সরু হয়ে গেছে। সড়কটি বড় হলে এমন ঘটনা ঘটত না।