‘ওপরের নির্দেশে’ দুদকে সাংবাদিক নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে দুই দিন ধরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ে কর্মরত ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি (অ্যাপয়েন্টমেন্ট) থাকলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে না।গতকাল বৃহস্পতিবার দুদকের মূল ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ‘ওপরের নির্দেশ রয়েছে’ বলে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন। ‘কোনো লিখিত আদেশ রয়েছে কি না’—দুপুরের দিকে সাংবাদিকেরা জানতে চাইলে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। এ সময় দুদকের কর্মকর্তা কোরবান আলী বলেন, ‘ওপরের নির্দেশ রয়েছে। সাংবাদিকেরা ভেতরে প্রবেশ করতে পারবেন না।’গত বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একইভাবে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। গতকাল বেলা দুইটায় সাংবাদিকেরা মূল ফটক পার হয়ে ভবনের নিচে জড়ো হলে তাঁদের চলে যেতে বলা হয়। বেলা সোয়া দুইটায় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিচে এসে সাংবাদিকদের বলেন, ‘কেবল দুদক ডাকলেই আপনারা আসবেন, অন্যথায় নয়।’এ বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরাসরি কার্যালয়ে প্রবেশ করা যাবে না। পূর্বানুমতি নিয়ে আসতে হবে।’ তিনি জানান, ভবিষ্যতে সাংবাদিকেরা তথ্যের জন্য সকাল ১০টায় প্রশ্ন জমা দিলে বিকেল চারটায় তার লিখিত উত্তর দেবে দুদক কর্তৃপক্ষ। এ বিষয়ে তদারক করবেন জনসংযোগ কর্মকর্তা।কিছু সাংবাদিকের আচরণের সমালোচনা করে গোলাম রহমান অভিযোগ করেন, ‘আমার সঙ্গে কথা না বলে লিখে দেয় বা টেলিভিশনে প্রচার করে দেয় যে দুদকের চেয়ারম্যান অমুক কথা বলেছেন। যা আমি বলিই না।’দুদকে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার নিন্দা জানিয়েছে দুদক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (আরএসি)। সংগঠনটির সাধারণ সম্পাদক মিজান মালিক প্রথম আলোকে বলেন, ‘দুদক থেকে একতরফাভাবে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মোটেই কাম্য নয়।’ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ: ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমীনকে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে তিনি নথিপত্র জমা দিলেও বেলা দুইটা ৪০ মিনিট থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ শেষ হয় বিকেল পাঁচটার দিকে। রোববারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।