কুমিল্লা সরকারি কলেজের ২০১২-১৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগের একদল কর্মী। গতকাল শনিবার সকাল ১০টায় ভর্তি কার্যক্রম শুরু হলে ছাত্রলীগের কর্মীরা কলেজের প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। তাঁরা শিক্ষকদের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার জন্য হুমকি দেন। এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা মন খারাপ করে বাড়ি ফিরে যান। আজ রোববার আবার ভর্তি-প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। একাদশ শ্রেণীর ভর্তি কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, কুমিল্লা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ৯০০ আসন রয়েছে। এর মধ্যে ৫৪ আসন খালি রয়েছে। এসব আসনে আগে এলে আগে পাবেন ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী গতকাল শনিবার ভর্তির জন্য শিক্ষার্থীদের ডাকা হয়। সকাল ১০টায় ভর্তি কমিটি অধ্যক্ষের উপস্থিতিতে ভর্তি-প্রক্রিয়া শুরু করে। তখন ওই কলেজের ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী রাসেল আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী কবির হোসেনের নেতৃত্বে একদল বহিরাগত ভর্তি কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায়। এ সময় ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা প্রশাসনিক ভবনের নিচতলার ফটক বন্ধ করে দেন। একপর্যায়ে কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে কথা বলেন। তখন ছাত্রলীগের কর্মীরা জানান, ‘ওপরের’ নির্দেশে ভর্তি বন্ধ করতে বলা হয়েছে। পরে কলেজ কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। ওই সময় পুলিশকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অভিযোগ সম্পর্কে ছাত্রলীগের কর্মী রাসেল আহমেদ মুঠোফোনে বলেন, ‘ভর্তি কার্যক্রম কেন বন্ধ হলো কলেজ অধ্যক্ষকে জিজ্ঞেস করেন।’ কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ার পর কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে ফোনে বিষয়টি অবহিত করেছি।’