'ওপেন টেস্টের' নামে শিক্ষা কর্মকর্তার অভিনব বাণিজ্য
‘ওপেন টেস্ট’ নামে অভিনব এক পরীক্ষাপদ্ধতি প্রবর্তন করে বছরে শিক্ষার্থীদের ৩১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হচ্ছে৷ বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে৷
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ওই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন তো দূরের কথা শিক্ষকদের পাঠদানের গতিও মন্থর হয়ে গেছে৷ পাশাপাশি শিক্ষার্থীরা পরীক্ষায় অসদুপায় (নকল) অবিলম্বে আগ্রহী হয়ে উঠেছে৷
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জানান, জেলার ৭৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেিণ পর্যন্ত প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে৷ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বছরে প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা৷ কিন্তু বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান ২০১৩ সালের মার্চ মাসে অধিদপ্তরের নির্দেশনার বাইরে ‘ওপেন টেস্ট’ নামে একটি অভিনব পরীক্ষাপদ্ধতি প্রবর্তন করেন৷ এ জন্য বছরে অারও পাঁচটি পরীক্ষা নেওয়ার নিয়ম চালু করা হয়েছে৷
শিক্ষকেরা জানান, আগের দিন শ্রেিণকক্ষে শিক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করে পরদিন ওই প্রশ্নের আলোকে বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়৷ শিক্ষার্থীরা বাড়ি থেকে উত্তর লেখার জন্য কাগজ নিয়ে এসে এই পরীক্ষা দেয়৷ এরপর এসব উত্তরপত্র শিক্ষার্থীদের মধ্যে মূল্যায়নের জন্য ভাগ করে দেওয়া হয়৷ ২০১৩ সালে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ওই পাঁচটি পরীক্ষা নেওয়া হয়৷ চলতি বছরের ১৫ এপ্রিল থেকে জেলায় একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে৷
বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সরকারি প্রাথিমক বিদ্যালয় ও জিলা স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিটি ওপেন টেস্টের জন্য তারা ১৫ টাকা ফি দেয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ আদায় করা ১৫ টাকার মধ্যে ১০ টাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রশ্নপত্র তৈরি বাবদ নিয়ে নেন৷ পরীক্ষা পরিচালনার আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য বাকি পাঁচ টাকা সংশ্লিষ্ট বিদ্যালয়কে দেওয়া হয়৷
অনুসন্ধানে জানা গেছে, জেলা শিক্ষা কর্মকর্তা নিজেই প্রশ্নপত্র তৈরি করেন৷ কম্পিউটার কম্পোজ, ফটোস্ট্যাট করাসহ প্রতি সেট (সব বিষয়) প্রশ্নপত্র তৈরিতে ব্যয় হয় তিন টাকা৷ বরগুনা শহরের ড্রিম কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান থেকে এসব প্রশ্নপত্র তৈরি করা হয়৷ প্রতিষ্ঠানটির মালিক তৌহিদুল ইসলাম বলেন, প্রতিসেট প্রশ্ন কম্পোজ ও ফটোস্ট্যাট বাবদ তিনি তিন টাকা করে পান৷
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট খরচ ছাড়া প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া ১০ টাকার সাত টাকাই জেলা শিক্ষা কর্মকর্তা আত্মসাৎ করেন৷ সে অনুযায়ী ৯০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে প্রতি পরীক্ষায় ছয় লাখ ৩০ হাজার টাকা হিসাবে বছরে পাঁচটি পরীক্ষার জন্য ৩১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষা কর্মকর্তা আত্মসাৎ করেন৷
নাম প্রকাশ না করার শর্তে দুজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে গেছে৷ এমনকি শিক্ষকদের মধ্যেও পাঠদানের ক্ষেত্রে একধরনের অলসতা লক্ষ করা যাচ্ছে৷ এ ছাড়া সারা বছর পরীক্ষার মধ্যে থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়ছে৷
সাহেরা হাসান নামে এক অভিভাবক বলেন, আগের দিন প্রশ্নপত্র দিয়ে বাচ্চাদের নকলপ্রবণতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ কারণ, শিক্ষার্থীরা বাসায় পড়াশোনা না করে রাতে বাড়িতে বসে উত্তর খাতায় লিখে নিয়ে পরীক্ষার দিন শুধু সময় পার করে ওই খাতা জমা দিয়ে দেয়৷
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের আসলে কিছু করার নেই৷ এ বি এম সিদ্দিকুর রহমান স্যার একক সিদ্ধান্তে এটা করছেন৷ তা অমান্য করলে শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে৷’
এ ব্যাপারে কথা বলতে এ বি এম সিদ্দিকুর রহমানের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি৷
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি আমি জানি না৷ উনি যদি এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন নিশ্চয়ই সেটা অন্যায়৷ তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷’