‘কুমিল্লা, ঢাকাত খাটি টাকা আনি এঠে খরচ করি খাই। এই গ্রামের বেশির ভাগ মানুষ দিনমজুর। ভোট আইসলে হামার সম্মান বাড়ে, প্রার্থীরা গলা ধরে হাসি হাসি কথা কয়। ভোট বেড়াইলে ওমরা টিনের চশমা চোখত দিয়া হাঁটে, হামাক দেখে না। প্রতিবছর মনে করি এইবার ভালো হইবে, কিন্তুক হয় না।’
কথাগুলো বলেন নীলফামারীর জলঢাকা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চেরেঙ্গা গ্রামের লুৎফর রহমান (৫০)। নির্বাচনকে ঘিরে জলঢাকা পৌর এলাকার ভোটারদের ভাবনা জানতে গত বুধবার ওই এলাকায় গেলে লুৎফর রহমান এসব বলেন। জলঢাকা পৌরসভায় এবার মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ৪৫ এবং সংরক্ষিত মহিলা পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এমনকি বিএনপি ও জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থীরাও প্রচারণায় কোনো সমস্যা হচ্ছে না বলে মত প্রকাশ করেছেন। তবে নির্বাচন নিয়ে ভোটারদের মুখ থেকে খুব আশাবাদী কিছু শোনা যায়নি।
কথা হয় দক্ষিণ চেরেঙ্গা গ্রামের কৃষক অনাথ চন্দ্র রায়ের (৬৫) সঙ্গে। তিনি বলেন, ‘আমরা তো নামে পৌরসভার বাসিন্দা। রাস্তাঘাট কিছুই নাই। বর্ষায় ঘরবাড়ি ডুবি থাকে। এখন তো অনেকে আসবে, প্রতিশ্রুতি দিবে, ভোট শেষে কারও দেখা পাওয়া যাবে না।’
রাস্তার ধারে বসে থাকা ওই গ্রামের বানো বালা (৭০) বলেন, ‘স্বামী ব্রজেন্দ্রনাথ প্রায় ৩০ বছর আগে মারা গেইছে। দিনমজুর ছেলের মাঝত খাই। বিধবা ভাতা, বয়স্ক ভাতা হয় না। যার দুই-চাইর বিঘা জমি আছে তার হয়। হামার বলে বয়স হয় নাই। এখন ভোট আইসছে। কতজনে কত কথা কয়ছে, দিবার চায়ছে। ভোট বেড়াইলে কার খবর কায় করে।’
পৌর এলাকার মাথাভাঙ্গা, বটতলী, ডালিয়া সড়ক, রাজারহাটসহ বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বললে প্রায় একই ধরনের কথা শোনা যায়।
এই পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ (আওয়ামী লীগ), উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল (বিএনপি), আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত জাপা থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন (স্বতন্ত্র), পৌর জামায়াতের আমির মকবুল হোসেন (স্বতন্ত্র), জেলা জাসদের সভাপতি আজিজুল ইসলাম (জাসদ), উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মো. আবদুল কাদের (জাপা) ও শরিফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ।