'ওর কান্না কি কারও মনে নাড়া দেয়নি!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর পাশ থেকে এক নবজাতকের কান্নার শব্দ ভেসে আসছিল। এগিয়ে যান আশপাশের লোকজন। সবাই দেখেন কান্নাটি একটি নবজাতক কন্যার। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ আসে প্রায় পাঁচ ঘণ্টা পর। ততক্ষণে নবজাতকটির কান্না থেমে যায় চিরতরে। গতকাল মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের মানবাধিকারকর্মী সালমা আক্তার বলেন, ‘ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। মানুষ নবজাতকটির শুধু কান্না শুনল, কেউ ওকে বাঁচাতে এগিয়ে এল না। ওর কান্না কি কারও মনে নাড়া দেয়নি!’
তুমলিয়া গ্রামের অনেকে জানান, সকাল ১০টায় বোয়ালী সেতুর নিচে হঠাৎ এক নবজাতকের কান্নার শব্দ শোনা যায়। আশপাশের লোকজন সেখানে গিয়ে দেখেন শব্দটি আসছে একটি বাজারের ব্যাগের ভেতর থেকে। ব্যাগে একটি কাপড়ে জড়ানো ছিল নবজাতকটি। তাঁদের কেউ খবর দেন পুলিশে। উৎসুক জনতা দীর্ঘ সময় নবজাতকটিকে ব্যাগের ভেতর উঁকি দিয়ে দেখলেও কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেননি। পুলিশ ঘটনাস্থলে যায় বেলা সাড়ে তিনটার দিকে। ততক্ষণে নবজাতকটি মারা যায়।
তুমলিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. ইব্রাহীম মোল্লা বলেন, ‘নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি শুনেছি। খারাপ লাগছে এত লোক একসঙ্গে কান্না শুনেছে, কিন্তু কেউ ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল না। গেলেই ওকে বাঁচানো যেত। আবার পুলিশও সময়মতো ঘটনাস্থলে যায়নি।’
কালীগঞ্জ থানার এসআই রেজাউল করিম বলেন, ‘এলাকাবাসী সকাল সোয়া ১০টায় থানায় নবজাতকের কথা জানালেও আমাকে দায়িত্ব দেওয়া হয় অনেক পরে। অন্য ঝামেলা থাকায় বেলা সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করা হয়।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলমা ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল ভোরে কেউ নবজাতকটিকে সেতুর নিচে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।