'ওর পরিবারক এখন কী জবাব দিমু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ কর্মসূচিতে গত বৃহস্পতিবার রাতে বগুড়ায় একজন ট্রাকচালক ও সিলেটে ট্রাকচালকের এক সহকারী গুরুতর দগ্ধ হন। হাসপাতালের শয্যায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তাঁরা। তাঁদের একজনের কণ্ঠে সহকারীকে হারানোর আর্তনাদ। অন্যজনের কণ্ঠে সব পেট্রলপাম্প বন্ধের দাবি|

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতা​েল চিকিৎ​সাধীন ট্রাকচালক টিটন মিয়া l প্রথম আলো
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতা​েল চিকিৎ​সাধীন ট্রাকচালক টিটন মিয়া l প্রথম আলো

‘ছাওয়ালডাক খ্যাপত লিয়ে আসে পেট্রলবোমায় পুইরা মাইরা ফ্যালানো (ফেললাম)! ওর পরিবারক এখন কী জবাব দিমু’। পেট্রলবোমায় নিহত সহকারী আ. রহিমের প্রসঙ্গ তুলতেই এভাবেই বলছিলেন ট্রাকচালক টিটন মিয়া (৪২)। একই ঘটনায় দগ্ধ টিটন এখন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার রাতে বগুড়া-জয়পুরহাট সড়কে (পুরাতন দিনাজপুর সড়ক) আসবাবপত্রবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় টিটন, আ. রহিম ও ব্যবসায়ী সাজু মিয়া (৩২) দগ্ধ হন। রাতেই আ. রহিম ও সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মারা যান আ. রহিম। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের একটি পণ্য পরিবহন সংস্থার (ট্রান্সপোর্ট) শ্রমিকের কাজ করতেন তিনি। অবরোধে হাতে কাজ না থাকায় ট্রাকচালকের সহকারী হিসেবে গত বুধবার বগুড়ায় এসেছিলেন তিনি।
গতকাল সকালে জিয়াউর রহমান হাসপাতালের সার্জারি বিভাগের অস্থায়ী বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, যন্ত্রণায় কাতরাচ্ছেন টিটন। তাঁর মুখমণ্ডল, হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দুই চোখ ঠিকমতো মেলতে পারছেন না। জানালেন, ‘বাইরে থেকে ওষুধ-পথ্যি কেনার জন্য পকেটে টাকাও নেই।’ বীভৎস চেহারা দেখে সহ্য করতে পারবে না বলে স্বজনদের খবরও দেননি তিনি। টিটন জানান, অবরোধে রোজগার বন্ধ হয়ে গেছে। স্ত্রী-সন্তানের অনাহারী মুখ সহ্য করতে না পেরে ঝুঁকি নিয়েই ট্রাক নিয়ে বের হন। বুধবার ভোমরা বন্দর থেকে মরিচ নিয়ে বগুড়া শহরের রাজাবাজারে আসেন। পরে বগুড়ার ল্যাংড়াবাজার থেকে নড়াইলের কালীগঞ্জ মেলায় কাঠের আসবাবপত্র নিয়ে যেতে চেয়েছিলেন।
টিটন বলেন, ‘ফিরতি খেপ নিয়ে বগুড়া-জয়পুরহাট সড়ক হয়ে ভয়ে ভয়ে ট্রাক চালিয়ে আসছিলাম। রাত আটটার দিকে নুনগোলা এলাকা পার হওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ট্রাকের সামনের কাচে এসে পড়ে একটি পেট্রলবোমা। মুহূর্তেই ইঞ্জিনের সামনের অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে। দম বন্ধ হয়ে আসে। গতি নিয়ন্ত্রণ করতে করতেই আগুনে তিনজনের শরীর পুড়ে শ্যাষ। চোখের সামনে ছাওয়ালডাক পুইরা গেল। কিছুই করতে পারলাম না।’ জানালেন, ট্রাকের সঙ্গে পুড়েছে তিন দিনের রোজগারের সাড়ে ১৭ হাজার টাকাও। পুড়েছে স্ত্রীর জন্য কেনা শাড়ি, মেয়ের জন্য কেনা জামা, শ্বশুরের জন্য কেনা চাদর।
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ফরহাদ হোসেন জানান, টিটন মিয়ার অবস্থা কিছুটা ভালো। তবে ৭২ ঘণ্টা পার না হলে তাঁকে শঙ্কামুক্ত বলা যাবে না।