‘ওরা আমাকে পড়তেও দিল না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতি ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিয়েছিলাম। কিন্তু ওরা আমাকে পড়তেও দিল না। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বই কিনে ফেরার পথেই ওরা আমাকে ধারালো অস্ত্র, রড, লাঠি দিয়ে মারধর করল।’গতকাল বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে রক্তাক্ত অবস্থায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাসনাত এভাবেই কথাগুলো বলছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নেয়ামুল পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক আসগর আলীর কর্মীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আহত করে বলে তিনি অভিযোগ করেন।নুরুল হাসনাত জানান, গতকাল রাত সাড়ে সাতটার দিকে তিনি রাজধানীর নীলক্ষেত থেকে বই কিনে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পৌঁছার পর নেয়ামুল পারভেজ ও আসগর আলীর কর্মী রাজীব, আকরাম, ফেরদৌস, বুলবুলসহ সাত-আটজন ধারালো অস্ত্র, রড, লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালান। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসকেরা জানান, হাসনাতের দুই পা ও দুই হাতের বিভিন্ন স্থানে কেটে যাওয়ায় সেখানে সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে রড ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কবিরুল বাসার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। তবে ছাত্রলীগের নেতা নেয়ামুল পারভেজ ও আসগর আলী দাবি করেন, নুরুল হাসনাতের ওপর হামলার ঘটনায় তাঁদের কোনো কর্মী জড়িত নন।