'ওরা আমাকে শেষ করে দিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বাঁচতে চাই, পড়তে চাই। আমার পড়াশোনার জীবনটা শেষ হয়ে গেল! রেহাই পেতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে শেষ করে দিল।’
কুষ্টিয়া (অস্থায়ী) মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাতে কাতরাকে কথাগুলো বলছিল অষ্টম শ্রেণীর ছাত্রী আমেনা খাতুন ওরফে কাকলি (১৪)। বখাটেরা গত বৃহস্পতিবার রাতে আমেনার শরীরে অ্যাসিড ছুড়ে মারে। এতে আমেনা ও তার স্বামী পানজু শেখ দগ্ধ হন। আমেনা কুষ্টিয়ার খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের কামরুল শেখের মেয়ে এবং একই এলাকার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্বামীর বাড়ি দুই কিলোমিটার দূরে বরইচারা গ্রামে।
গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে আমেনা খাতুন, মা মিনা খাতুন, পানজু শেখসহ কয়েকজন নিকটাত্মীয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
মিনা খাতুনের ভাষ্যমতে, সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে এক প্রতিবেশী আমেনাকে প্রেম নিবেদন করে আসছিল। গরিব হওয়ায় মেয়েকে বাঁচাতে গত ২৩ আগস্ট বিয়ে দিতে হয়। ৩ সেপ্টেম্বর রাতে শোবার ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এতে আমেনার তেমন কোনো ক্ষতি হয়নি। বিষয়টি স্বামীর পরিবারকে না জানিয়ে নিরাপত্তার জন্য মেয়েকে একই গ্রামে দাদার বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন বুধবার গভীর রাতে দাদা আবদুর রউফ শেখের বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে অ্যাসিড নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এতে লক্ষ্যভ্রষ্ট হয়ে আমেনার দাদি হালিমা খাতুন (৫৫) অ্যাসিডে মারাত্মক আহত হন। এ ঘটনায় পুলিশ মামলা নেয়নি। এর এক সপ্তাহ পর আমেনার শ্বশুরবাড়িতে জানালা দিয়ে আবারও অ্যাসিড নিক্ষেপ করে দৃর্বৃত্তরা। এবারও আমেনা বেঁচে যায়। তবে বৃহস্পতিবার আমেনা শ্বশুরবাড়িতে স্বামীসহ শোবার ঘরে ঘুমিয়ে ছিল। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দৃর্বৃত্তরা বোতলে করে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। এতে আমেনার মুখ ও গলা পুড়ে যায়। পানজু শেখের হাত পুড়ে যায়। পরিবারের লোকজন তাঁদের প্রথমে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শুক্রবার সকাল নয়টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমেনার অবস্থার অবনতি হলে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ব্র্যাকের কর্মকর্তারা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক মিনিম পারভীন বলেন, আমেনার শরীরে ১০ শতাংশ পুড়ে গেছে। এটা অ্যাসিডের কারণে হয়েছে।
খোকসা থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, শুক্রবার দুপুরে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।