'ওরা আমার কথা শুনল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মা, মা’ বলে ডাকতে পারে সাদিয়া। পা ঝলসে যাওয়ার পর থেকে সে মাকে ডেকে চলেছে। অথচ তার মা আর বোন চলে গেছেন না ফেরার দেশে। দগ্ধ হয়েছেন বাবা আদম আলী ও বোন। গত মঙ্গলবার রাতে গাজীপুরের মোগড়খাল এলাকায় কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় মারা গেছে সাদিয়ার মা ও বোন। (ওপরে) চোখের সামনে স্ত্রী-সন্তানকে মরতে দেখেছেন আদম আলী। তাঁর হাতও পুড়েছে। অসুস্থতার কারণে স্ত্রী-সন্তানের দাফনেও অংশ নিতে পারেননি তিনি। তাঁদের দাফনের খবর শুনে কাঁদছেন তিনি । ছবি: প্রথম আলো
‘মা, মা’ বলে ডাকতে পারে সাদিয়া। পা ঝলসে যাওয়ার পর থেকে সে মাকে ডেকে চলেছে। অথচ তার মা আর বোন চলে গেছেন না ফেরার দেশে। দগ্ধ হয়েছেন বাবা আদম আলী ও বোন। গত মঙ্গলবার রাতে গাজীপুরের মোগড়খাল এলাকায় কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় মারা গেছে সাদিয়ার মা ও বোন। (ওপরে) চোখের সামনে স্ত্রী-সন্তানকে মরতে দেখেছেন আদম আলী। তাঁর হাতও পুড়েছে। অসুস্থতার কারণে স্ত্রী-সন্তানের দাফনেও অংশ নিতে পারেননি তিনি। তাঁদের দাফনের খবর শুনে কাঁদছেন তিনি । ছবি: প্রথম আলো

‘ভাই আমার সঙ্গে তিনটা শিশু আছে। আমাদের মাইরেন না—এই বলে আমি জীবন ভিক্ষা চেয়েছিলাম। তার পরও ওরা আমার কথা শুনল না। গাড়িতে পেট্রল দিয়া আগুন ধরাইয়া দিল। আমার বউ আর মেয়েটা চোখের সামনে পুইড়া মরে গেল। ওদের জন্য কিছুই করতে পারলাম না।’ কথাগুলো বলছিলেন আদম আলী। গত মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার মোগড়খাল এলাকায় ঢাকা-বাইপাস সড়কে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় কাভার্ড ভ্যানে পুড়ে মারা যান তাঁর স্ত্রী সুমি আক্তার (২৮) এবং মেয়ে সানজিদা (৭)।

ওই ঘটনায় আদম আলী এবং তাঁর আরও দুই মেয়ে আরিফা আক্তার (৮) ও সাদিয়া আক্তার (২) আহত হয়। আদম আলীর পা পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকাল বুধবার তিনি ঢাকার রামপুরায় এক আত্মীয়ের বাসায় উঠেছেন। সেখান থেকেই মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

আদম আলী জানান, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাবো এলাকায় একটি কারখানার নিরাপত্তাকর্মী। পরিবার নিয়ে থাকেন রূপগঞ্জে ভাড়া বাড়িতে। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাহিমান গ্রামে। বাবা ও শ্বশুর দুজনই দীর্ঘদিন ধরে অসুস্থ। কারখানার তিনটি কাভার্ড ভ্যান গতকাল সন্ধ্যায় মালামাল নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিল। বাবা ও শ্বশুরকে দেখতে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে একটি কাভ্যার্ড ভ্যানে ওঠেন তিনি। কাভার্ড ভ্যানের সামনের আসনে ছিলেন তাঁরা।

কাভার্ড ভ্যান তিনটি গাজীপুর সদর উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মোগরখাল এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। ২০-২৫ জন সামনের দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর শুরু করলে চালক ও সহযোগীরা দ্রুত গাড়ি ছেড়ে পালায়। তাঁদের গাড়িতে একটি বোতলে আগুন ধরিয়ে ছুড়ে মারে। এ সময় চালক ফরহাদ হোসেন, সহযোগী মাসুদ মিয়া এবং আদম আলী তাঁর দুই মেয়ে আরিফা ও সাদিয়াকে নিয়ে নেমে পড়েন। আগুন মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকলে গাড়ির ভেতরেই পুড়ে মারা যায় সুমি ও সানজিদা।

সিরাজগঞ্জ অফিস জানায়, সুমি ও সানজিদার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় বাড়িতে কান্নার রোল পড়ে যায়। অ্যাম্বুলেন্সে মা-বোনের লাশের পাশে নিশ্চুপ বসেছিল আরিফা ও সাদিয়া।

মামলা, গ্রেপ্তার ২: কাভার্ড ভ্যানে আগুন দিয়ে দুজনকে হত্যার ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) নাজমুল হক। এ ঘটনায় পুলিশ জাহিদ হোসেন ও আবুল হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

গত ১৯ সেপ্টেম্বর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে আগুন দেওয়ায় অগ্নিদগ্ধ হয়ে চালক নজরুল ইসলামের মৃত্যু হয়। গত ৪ নভেম্বর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় কাভার্ড ভ্যানে অগ্নিদগ্ধ হয়ে মনির হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়।