স্মারকগ্রন্থ ‘হূদয়ে রক্তক্ষরণ’-এর প্রকাশনা অনুষ্ঠান
‘ওরা আমার ছেলেকে ৫০তম জন্মদিন পালন করতে দিল না’
‘কিছুদিন পর ও এলপিআরে যেত, ৩ মার্চ ওর জন্মদিন ছিল। চলাফেরা করতে অসুবিধা হচ্ছে দেখে আমাকে একটা গাড়ি কিনে দিতে চেয়েছিল। কিন্তু কিছুই হলো না। আমার ছেলেটা এত তাড়াতাড়ি চলে গেল। ওরা আমার ছেলেকে ৫০তম জন্মদিন পালন করতে দিল না।’কথাগুলো বলেছেন পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবনে আমিনের মা ফাহিমদা আমিন। এনশাদের স্মরণে সম্পাদিত স্মারকগ্রন্থ হূদয়ে রক্তক্ষরণ-এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বিলিয়া মিলনায়তনে গতকাল শুক্রবার এ অনুষ্ঠান হয়। বইটি প্রকাশ করেছে রাদিয়া প্রকাশন। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআরে বিদ্রোহের সময় এনশাদ রাইফেলস সিকিউরিটি ইউনিটের প্রধান ছিলেন। ফাহিমদা আমিন ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং তা পালনের দাবি জানান। তিনি বলেন, ‘নাম বদল করে বিজিবি করলেই কি বিডিআর পরিশুদ্ধ হয়ে যাবে?’অনুষ্ঠানের প্রধান অতিথি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘স্বাভাবিক অভিজ্ঞতা হচ্ছে, বাবা-মায়ের আগে সন্তান মারা যাবে না। কিন্তু যখন মারা যায়, সেটা হয় খুবই বেদনাদায়ক।’ফাহিমদা আমিনের বাল্যবন্ধু ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘বিদ্রোহের সময় এনশাদের জন্য দোয়া করেছি, আহত হোক, জীবিত যেন পাই। কিন্তু তা হয়নি।’ তিনি বলেন, বিডিআরে বিদ্রোহের বিচার চলছে। কিন্তু এনশাদকে আর ফিরে পাওয়া যাবে না। তাঁর মাকেও সান্ত্বনা দেওয়া যাবে না।শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘অসময়ে, অকালে চলে যাওয়াটা শোকের, দুঃখের। কিন্তু সেই অকালে চলে যাওয়াটাও যদি হয় নির্মম, তবে তা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, বিডিআরে বিদ্রোহের বিচার চলছে। এমন ঘটনায় প্রকৃত অপরাধীদের অনেক সময় শনাক্ত করা যায় না। তাই তাদের বিচারও হয় না। বিডিআরে বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় যেন এমনটি না হয়।শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ তো বটেই, যুদ্ধের সময় ছাড়া বিশ্বের কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি।’প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, প্রকাশনা অনুষ্ঠান সব সময় হয় উৎসবের। কিন্তু এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান উৎসবের নয়, শোকের। তিনি বলেন, ‘২৫ ফেব্রুয়ারি জাতির যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। হয়তো বহু দিন ধরে জাতিকে এর মূল্য দিতে হবে।’অনুষ্ঠানে এনশাদের বড় ভাই মামুন ইবনে আমিন, মামা জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।