'ওরা আমার সংসারটা শেষ করে দেল'
‘স্বামীর পাঠানো টাকা দিয়ে আমি সংসারটা সাজাইছিলাম৷ ওরা আমার গোছানো সংসারটা শেষ করে দেল৷ আমি এখন নিঃস্ব। স্বামীরে কী জবাব দেব।’
মেয়েকে জড়িয়ে ধরে এভাবেই বিলাপ করছিলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের লিপি আক্তার (৩২)। প্রতিবেশী মনিরুজ্জামান জানান, লিপির স্বামী শফি শেখ বিজিবিতে চাকরি করেন৷ যাদবপুর গ্রামের কয়েকজন তরুণের অপরাধের কারণে পাশের চার গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে গত বুধবার সকালে হামলা চালায়৷ লুটপাট করে ১২টি পরিবারের ২০টি ঘর৷ লিপি আক্তারের চারটি গরু, ধান বিক্রির এক লাখ ২০ হাজার টাকা লুট হয়৷ ঘরের রঙিন টিভি, ফ্রিজ, আলমিরা, পালঙ্ক ভাঙচুর করা হয়। গ্রামের ১২টি পরিবারের এমন দশা হয়েছে৷ তাদের ঘরে কোনো খাবার নেই।
গতকাল বৃহস্পতিবার কালিয়া উপজেলার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে৷ গ্রেপ্তার-আতঙ্কে বেশির ভাগ পুরুষ এলাকাছাড়া।
পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান বলেন, একটি ছাত্রীর সম্পর্কে যাদবপুর গ্রামের একটি ছেলে স্কুলের দেয়ালে আপত্তিকর কথা লেখায় যে পরিস্থিতির সৃষ্টি হয়, তা নিরসন করতে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জহুর মোল্যা যাদবপুর গ্রামে যান৷ কিন্তু কিছু উচ্ছৃঙ্খল তরুণ তাঁকে শারীিরকভাবে লাঞ্ছিত করায় মহিষখোলা, পাটেশ্বরী, সাতবাড়িয়া ও পিড়লীস্থান গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়৷ যে কারণে এ ঘটনা ঘটেছে৷
কালিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে৷ বর্তমানে পরিস্থিতি শান্ত৷ এখনো পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইয়ামিন শেখ নামের একজনকে আটক করা হয়েছে।