‘ওরা ঘিরে ফেলেছে আমাকে মেরে ফেলবে’
“‘খালেদা! ওরা আমাকে ঘিরে ফেলেছে। মেরে ফেলবে।” এরপর লাইন কেটে যায়। মোবাইলে হ্যালো হ্যালো বলে পাগলের মতো চিৎকার করতে থাকি। ওর কণ্ঠ আর শুনতে পারিনি।’ আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন খালেদা বেগম (৩৫)। জামায়াত-শিবিরের হামলায় গত বৃহস্পতিবার তাঁর স্বামী প্রকৌশলী তৌহিদুল ইসলাম (৪৯) নিহত হন। গত শুক্রবার রাত ১০টায় তৌহিদুলের লাশ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কামারঙ্গারীয়া গ্রামে পৌঁছালে গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের সদস্যরা জানান, তৌহিদুল পর্যটন বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল ছিল বগুড়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পর্যটন বিভাগ একটি মোটেল নির্মাণ করছে। তৌহিদুল সেখানে দায়িত্ব পালন করছিলেন। তিনি তিনতলায় নির্মাণাধীন একটি কক্ষে থাকতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনামসজিদ এলাকায় কাজ শুরুর সময় থেকে জামায়াত-শিবির সেখানে মোটেল না করার জন্য হুমকি দিয়ে আসছিল। তারা স্থানীয় লোকজনকে বোঝায়, এই পবিত্র স্থানে মোটেল হলে বেলেল্লাপনা হবে। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পরপর গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জামায়াত-শিবিরের ক্যাডাররা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে মোটেলে ঢোকে। প্রথমে তারা ভাঙচুর ও শ্রমিক কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় প্রকৌশলী তৌহিদুল নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। চিৎকার শুনে বাইরে এসে দেখেন, শত শত মানুষ। প্রকৌশলীকে দেখে তারা ওপরে উঠে আসে এবং তিনতলা থেকে তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের পর রাতে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। রাত ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।