'ওরা মানুষ হত্যা করেছে, আসুন আমরা পশু হত্যা করি'
‘ওরা মানুষ হত্যা করেছে, আসুন আমরা পশু হত্যা করি’। মুক্তিযুদ্ধের সময় জনপ্রিয় এই স্লোগানটি তুলে ধরে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, সাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপ হলো জঙ্গিবাদ। জঙ্গিদের হত্যা করলে তা পশুহত্যার শামিল হবে।
সোমবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। দেশে জঙ্গিবাদের উত্থানে জামায়াতকে দায়ী করে তিনি বলেন, জামায়াত-শিবির, আলবদর ও আলশামস আবার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠছে। সাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপ হলো জঙ্গিবাদ। এটি এখন বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরার চেষ্টা করছে। জামায়াত-শিবির জঙ্গিবাদের গোড়া তৈরি করে রেখেছে। জঙ্গিবাদ প্রতিহত করতে ’৭১-এর ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘জঙ্গি হত্যা করায় আমরা সবাই আনন্দিত। তবে তাঁদের গ্রেপ্তার করতে পারলে আরও অনেক খবর বের করা যেত।’ জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর নিয়ে কামাল লোহানী বলেন, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি ঠেকানোর চেষ্টা করেছিলেন জন কেরি। মাত্র নয় ঘণ্টার জন্য বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এ দেশে তিনি রাত্রিযাপনও করবেন না। কারণ, এ দেশকে কেরি নিরাপদ মনে করেন না। এতে অপমানবোধ হয়।
প্রতিবাদ সমাবেশে স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।