'ওরা যদি আমারে মারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে মা ও বোনের সঙ্গে বেরিয়ে আসছে শিশু জান্নাতুল। ছবি: মানসুরা হোসাইন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে মা ও বোনের সঙ্গে বেরিয়ে আসছে শিশু জান্নাতুল। ছবি: মানসুরা হোসাইন

গরম ইস্তিরি ছ্যাঁকায় শিশু জান্নাতুল ফেরদৌসের মাথার তালুর অনেকটা জায়গাজুড়ে ঘা হয়ে গর্ত হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের পর এখন সেখানে শুধু কয়েকটি সেলাইয়ের দাগ। শুধু মাথা নয়, তার সারা শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল। এখন শরীরের দাগগুলো আছে। তাতে কোনো যন্ত্রণা না থাকলেও দূর হয়নি ওর মনের ভয়।
গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার এই শিশুটি বর্তমানে শারীরিকভাবে সুস্থ। আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে হাসিমুখেই মায়ের হাত ধরে সে বের হয়। হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তাকে আজ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আশ্রয়কেন্দ্রে (বিএনডব্লিউএলএ) নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুটা আগেই জান্নাতুলের চোখমুখের অভিব্যক্তি পাল্টে যেতে থাকে। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চিৎকার করে কাঁদে। তারপর বলে, ‘ওরা যদি আমারে মারে।’ বিএনডব্লিউএলএ জান্নাতুলের মামলায় আইনি সহায়তা দিচ্ছে। সংস্থাটির কোর্ট ম্যানেজার ফাহমিদা আক্তার জান্নাতুলকে অভয় দিলে সে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে।
গৃহকর্মী থাকাকালে জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে সে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে নির্যাতন করা হয়েছিল বলে জানায় জান্নাতুল। জান্নাতুলের বাড়ি চাঁদপুরের হাইমচরে।
জান্নাতুলের মা ফিরোজা বেগম জানান, তাঁর খালাতো ভাই হাইমচরের বাসিন্দা মোস্তফা সরদার এক বছর আগে জান্নাতুলকে তাঁর (মোস্তফা) আত্মীয় গাজীপুরের ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে গত ঈদুল আজহার পরের দিন মোস্তফা সরদার জান্নাতুলকে হাইমচরে নিয়ে যান। গত ১৫ সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। উন্নত চিকিৎসার জন্য তাকে ১ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রথম আলো ট্রাস্ট তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছে। চিকিৎসা শেষে পুনর্বাসন ও আইনি পরামর্শ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে এই ট্রাস্ট। পুনর্বাসন ও আইনি সহায়তার প্রক্রিয়ায় জান্নাতুলের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে আপাতত আশ্রয়কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালামসহ চারজন চিকিৎসক উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান, জান্নাতুলের মাথার মাঝখানে চামড়াসহ কিছু জায়গার মাংস নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার না করলে সংক্রমণে হাড় নষ্ট হয়ে যেত। ভবিষ্যতে আর চুল গজাত না। মাথার খুলি থেকে চামড়া আলাদা করে পুরো অস্ত্রোপচার করতে ঘণ্টা খানেক সময় লাগে।

হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নয় বছরের শিশু জান্নাতুলকে দেখতে যান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ মানবাধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শ্রম প্রতিমন্ত্রী জান্নাতুলকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের পক্ষ থেকে দেওয়া হয় ১০ হাজার টাকা।

নির্যাতনের ঘটনায় জান্নাতুলের প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক, মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তিনজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। জান্নাতুলের জবানবন্দি নেওয়া হয়েছে। বর্তমানে মামলা তদন্তাধীন।