‘ওরা সব শেষ করে দিল’
‘পরিশ্রম করে বেকারত্ব ঘোচাতে চেয়েছিলাম। সেটা কি আমার অপরাধ? ওরা আমার সব শেষ করে দিল। এখন আমি কার কাছে বিচার চাইব?’ নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন তরুণ রাজা মিয়া। বুধবার রাতে কে বা কারা তাঁর মাছের ঘেরে বিষ ঢেলে দিলে ৬৫ হাজার পোনা মরে ভেসে ওঠে। গতকাল বৃহস্পতিবার সকালে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘেরমালিক জানিয়েছেন, এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।রাজা মিয়া জানান, তিনি গত মঙ্গলবার যশোর থেকে প্রায় ৬৫ হাজার পাঙাশ ও তেলাপিয়ার পোনা এনে ঘেরে ছাড়েন। গতকাল সকালে ঘেরে খাবার দিতে এসে দেখেন, পোনা মরে ভেসে উঠেছে। সকাল ১০টার মধ্যে ঘেরের সব পোনা মরে ভেসে ওঠে।এলাকার বাসিন্দা আ. আজিজ তালুকদার বলেন, ‘ঘেরের পানি থেকে বিষের গন্ধ বের হচ্ছে। তাই অনুমান করছি, শক্তিশালী কোনো বিষ দেওয়ার কারণে পোনাগুলো মরে গেছে।’রাজা মিয়া অভিযোগ করেন, মঙ্গলবার যশোর থেকে ট্রাকে করে পাঙাশ ও তেলাপিয়া মাছের পোনা আনার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী জাহাঙ্গীর মাছের ট্রাক আটকে তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বুধবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ঘটনার সালিস বৈঠকে জাহাঙ্গীর দোষী সাব্যস্ত হন এবং ক্ষমা চান। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সালিসে উপস্থিত ছিলেন। এর জের ধরে জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ঘটনা শুনে মনে হচ্ছে, বিষ দেওয়ার কারণেই পোনাগুলো মারা গেছে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করা হবে।