‘ওরে বাপ রে, রাস্তার কী বেহাল দশা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওরে বাপ রে, রাস্তার কী বেহাল দশা! আমি প্রতিমন্ত্রী হয়ে নয়, একজন ভুক্তভোগী হয়ে বলছি, এ সরকারের আমলেই, এমনকি আগামী তিন মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ করা হবে। আমি স্থানীয় সংসদ সদস্য আবদুছ ছাত্তারের কাছ থেকে জানতে পেরেছি, বিগত সরকারের আমলে বর্তমান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দার এই রাস্তার কাজ নিয়েছিলেন। তাঁদের দুর্নীতির কারণেই আজ আপনাদের এই দুর্ভোগ। আওয়ামী লীগের সরকার আপনাদের এই দুর্ভোগ নিরসন করবে।’গত বুধবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত স্থানীয় কলেজ মাঠে এক বিশাল জনসভায় এ কথাগুলো বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এমপি।জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-শম্ভুগঞ্জ সড়কের নির্মাণকাজ দীর্ঘ প্রায় পাঁচ বছরেও সম্পন্ন হয়নি। বৃহত্তর ময়মনসিংহের সড়কপথে যোগাযোগের একমাত্র ওই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ২০০৭ সালের ২৪ জুন প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২০ কিলোমিটার রাস্তার নির্মাণকাজটি শুরু হয়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত আইটিসিএল-এসইএল কাজের শুরুতেই রাস্তা নির্মাণে ধীরগতি ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, সংকেতবিহীন উঁচু-নিচু গর্তের মরণফাঁদে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, রামগোপালপুর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা সদর পর্যন্ত রাস্তার করুণ অবস্থা। অসংখ্য খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলা দুষ্কর। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ঈশা খাঁ গেটলকের (ট-১০০-৭৮৬৫) চালক সাইফুল ইসলাম বলেন, ‘সারাটা পথ ভালোভাবেই আসা যায়, কিন্তু ঈশ্বরগঞ্জ থেকে বাসের যন্ত্রপাতির সঙ্গে শরীরের যন্ত্রপাতিরও বারোটা বেজে যায়। এক টিপ মারার পর আর গাড়ি চলে না। নতুন করে ঠিকঠাক করে দু-এক দিন পর আবার চলে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি গাড়ির মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।’ এলাকাবাসী-পথচারী মো. রফিক মিয়া (৩৬), আলাল উদ্দিন (৪৮), শাহিদা বেগম (৩৬) ও খুদেজা বেগম (৩৮) জানান, রাস্তার এই দুরবস্থার ফলে সব সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। ওই সড়কের বাসযাত্রী মো. শহিদ মিয়া (৪২) ও হাসান আলী (৩৮) জানান, রাস্তার এই করুণ অবস্থার ফলে তাঁরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। তাঁরা বলেন, দ্রুত এ রাস্তার সংস্কার করা প্রয়োজন।এ ব্যাপারে ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক সমিতির সভাপতি মো. আবদুস সালাম জানান, অতি শিগগির রাস্তাটির কাজ শুরু না করলে এই পথে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হবে। এ ব্যাপারে সংসদ সদস্য আবদুছ ছাত্তার জানান, আগের প্রতিষ্ঠানটি কাজ শেষ করতে না পারায় নতুন করে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে রাস্তার কাজের টেন্ডার দেওয়া হয়েছে এবং টেন্ডারটি পেয়েছে অটোবিএল নামের একটি প্রতিষ্ঠান। আশা করা যায়, অল্প কিছু দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু করা হবে।