সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ওসমান পরিবার যে খুনি পরিবার, তা তাঁর (রফিউর) ছেলে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা দেশের মানুষ জেনেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ৩৫ মাস উপলক্ষে আয়োজিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন।
ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছিলেন, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বেই ত্বকীকে অপহরণ শেষে খুন করা হয়।
গতকাল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত কর্মসূচিতে রফিউর রাব্বি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শেষ করে আনুষ্ঠানিকভাবে খুনি আজমেরীর নাম প্রকাশ করলেও এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ওসমান পরিবারে দুজন সাংসদ (সেলিম ওসমান ও শামীম ওসমান) রয়েছেন। এ জন্য ত্বকী হত্যার বিচার হচ্ছে না। আজমেরীকে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে তাঁদের রাজনৈতিক ঐতিহ্যের মুখোশের অন্তরালে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি—এসব ত্বকী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। সারা দেশের মানুষ তা জেনে গেছে। তিনি বলেন, গত তিন বছরে ত্বকী হত্যাকাণ্ডের বিচার না হওয়া সুশাসনের লক্ষণ নয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাঘর আসরের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির উপদেষ্টা দুলাল সাহা প্রমুখ।