'ওসিকে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাশ উদ্ধারের দিন সকালে পেকুয়ার ওসি আমাকে মুঠোফোনে বলেছেন, বজ্রপাতে সাহাবউদ্দিন ফরায়েজি মারা গেছেন। এখানে প্রশ্ন থেকে যায়, যিনি বজ্রপাতে নিহত হওয়ার গুজব রটান, তিনি কীভাবে হত্যাকারীদের গ্রেপ্তার করবেন। তাই ওসিকে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়।’
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজিকে ‘হত্যার’ প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় পেকুয়া চৌমুহনী চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম এ কথা বলেন।
গত বুধবার ভোরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়া থেকে সাহাবউদ্দিন ফরায়েজির লাশ উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি জি এম কাশেম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালিদ মিল্টন ও সাহাবউদ্দিন ফরায়েজির ছেলে মেহেদি হাসান ফরায়েজি।
সমাবেশে কক্সবাজার জেলা যুবলীগের সহসভাপতি জি এম কাশেম বলেন, ‘যে রাতে ফরায়েজি মারা গেছেন, সে রাতে ওসির মুঠোফোন বন্ধ ছিল। এই হত্যাকাণ্ডের পেছনে ওসির হাতও থাকতে পারে।’
তবে সমাবেশে সাহাবউদ্দিন ফরায়েজির ছেলে মেহেদি হাসান ফরায়েজি বলেন, ‘১০-১৫ দিনের মধ্যে কেউ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য দিবেন না। যদি বাবার হত্যার বিচার না হয়, তাহলে পেকুয়ার প্রশাসনের ঠাঁই বাংলার মাটিতে হবে না।’