'ওসির কললিস্ট যাচাইয়ের দাবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দুটি মুঠোফোনের কললিস্ট যাচাই করলে তাপস সরকার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে বলে দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পক্ষ। গতকাল রোববার শাটল ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছে।
গত বছরের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খুন হন শিক্ষার্থী তাপস সরকার। এ ঘটনার জন্য ছাত্রলীগের ‘সিএফসি’ (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষ ভিএক্সকে দায়ী করে আসছে। হত্যার ঘটনায় করা মামলায় ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ওসি ইসমাইলের ব্যবহৃত দুটি মুঠোফোনের কললিস্ট দেখলে হত্যাকাণ্ড সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘তাপস হত্যার আগে দেড় বছর ধরে ওরা (ভিএক্স) ক্যাম্পাসে নানা অনিয়ম করেছে। আমরা বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। কিন্তু তাপস হত্যার পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে গ্রেপ্তারও হয়েছে। তাই উদ্দেশ্যমূলকভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে।’
রোববার সন্ধ্যায় স্মারকলিপির অনুলিপি সাংবাদিকদের ই-মেইলে পাঠানো হয়েছে। এতে ভিএক্স পক্ষের ১০ জন নেতার নাম রয়েছে। তাঁরা হলেন এস এম আরিফুল ইসলাম জালাল আহমেদ, হাবিবুর রহমান, রুপন বিশ্বাস, সরোয়ার পারভেজ, আজমির আরিফ, মো. জমির উদ্দিন, মো. আনোয়ার জাহিদ, শুভাগত বড়ুয়া, মিজানুর রহমান। তাঁরা সবাই তাপস সরকার হত্যাকাণ্ডে ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
স্মারকলিপি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভিএক্স পক্ষের নেতা এস এম আরিফুল ইসলাম ও জালাল আহমেদ।
স্মারকলিপিতে বলা হয়, ‘আপনার (প্রধানমন্ত্রী) নির্দেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে প্রশাসন ও ছাত্রলীগের উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বৈঠক হয়। নেতাদের কঠোর নির্দেশে সত্ত্বেও একটি পক্ষ ক্যাম্পাস ও হলে বহিরাগত এবং অছাত্রদের সঙ্গে নিয়ে অবস্থান করতে বারবার তৎপর ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে ওই সব বহিরাগত অছাত্র হলে অবস্থান করতে না পারায় ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করতে থাকে। তারই ধারাবাহিকতায় কিছু বহিরাগত সন্ত্রাসীর নেতৃত্বে শাহ আমানত হলের তৃতীয় তলায় অত্যন্ত কাছ থেকে পরপর দুটি গুলি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের তাপস সরকারকে হত্যা করা হয়।’
স্মারকলিপিতে চারটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া, সুষ্ঠু ও সঠিক তদন্তের জন্য হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর করা, গত বছরের ২৭ সেপ্টেম্বর রাতে শাহজালাল হলে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা এবং হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় শিক্ষক বাসে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিষয়ে পুলিশের নাটকীয় ভূমিকার রহস্য উদ্ঘাটন করা।
স্মারকলিপির বিষয়ে ‘সিএফসি’ ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষের নেতা অমিত কুমার বসু মুঠোফোনে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নিজেদের বাঁচাতে তাপসের খুনিরা ষড়যন্ত্রে নেমেছে। ঘটনাকে ভিন্ন খাতে নিতে তাঁরা চেষ্টা করছেন। তাপস হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।