‘ওস্তাদ’ বিশ্রামে, স্টিয়ারিং শিশুর হাতে
দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ভারী যানবাহনের স্টিয়ারিং হাতে প্রায়ই শিশু-কিশোরদের দেখা যায়। আসলে তারা চালকদের সহকারী। ফেরিতে ওঠার আগে যানবাহন দীর্ঘক্ষণ ঘাটে আটকা থাকে। সেই ফাঁকে চালকেরা বিশ্রাম নেন। তার আগে গাড়ির নিয়ন্ত্রণ দিয়ে যান সহকারীদের হাতে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়ার লঞ্চঘাট মোড় থেকে ফেরিঘাটের জিরো পয়েন্ট পর্যন্ত ৩৭টি যানবাহনকে সিরিয়ালে থাকতে। এর মধ্যে ১৯টি গাড়ির চালকের আসনে চালককে নয়, পাওয়া গেছে চালকের সহকারীকে (হেলপার)। তাদের হাতেই ছিল গাড়ির নিয়ন্ত্রণ। এসব ‘শিশু-চালকদের’ বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। এদের কেউ এক বছর, কেউ দুই বছর ধরে কাজ করে। সম্প্রতি দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড় যাওয়ার সময় গোয়ালন্দ ফিড মিলের কাছে কিশোর এক অটোবাইক চালকের ভুলের কারণে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নববধূসহ দুজন প্রাণ হারান।ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে লঞ্চঘাট মোড়ে ট্রাকের স্টিয়ারিং ধরে বসেছিল এক কিশোর। কোত্থেকে আসছ—জানতে চাইলে জবাবে সে জানায়, যশোরের বেনাপোল থেকে গত বুধবার রাতে যন্ত্রাংশ নিয়ে রওনা হয়েছে। গন্তব্য সাভার। নাম তার হূদয় হাসান ওরফে রবিন। বয়স ১২ কি ১৩ বছর। তুমি কি গাড়ির চালক—এমন প্রশ্নের জবাবে হূদয় বলে, ‘ওস্তাদ (চালক) সামনে আছে। বইল্লা গেল, তুই গাড়ি চালায়ে সিরিয়াল দিয়ে ঘাটে চলে আয়।’ তুমি কি গাড়ি চালাতে জানো? প্রশ্ন শুনেই ঝটপট উত্তর দেয় হূদয়, ‘কী কন! আইজ এক বছর ধইরা এই গাড়িত আছি। ছয় মাস হইল গাড়ি চালানো কিছু কিছু শিখছি। ওস্তাদ না থাকলে বা ঘুমাইলে আমিই তো গাড়ি চালাই।’সামনে আরেকটি ট্রাকের চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছিল সহকারী সাইফুল ইসলাম (১৪)। আলাপকালে সে জানায়, বুধবার বেলা তিনটার দিকে দৌলতদিয়ায় গাড়ির লম্বা সিরিয়ালে আটকা পড়তে হয়। চালক গাড়ি চালিয়ে ক্লান্ত। তাই সে-ই চালাচ্ছে। চালক কোথায় জানতে চাইলে সে বলে, ‘ওস্তাদ জুয়েল রানা সামনে গেছে চা-পান খাইতে।’ দুই বছর ধরে গাড়িতে আছে সে।পাশ থেকে পণ্যবোঝাই একটি ট্রাকের চালক হোসেন মোল্যা ক্ষোভের সঙ্গে বললেন, ‘গাড়ি হেলপার চালাইল, না কে চালাইল সেই খোঁজ নেন আপনারা। কিন্তু বুধবার বিহাল থেইকা ঘাটে বইসা আছি। কীভাবে পার হুমু, সেইটা তো দেহেন না।’ এভাবে শিশু-কিশোরদের দিয়ে গাড়ি চালানো ঠিক কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাও বুঝি এটা ঠিক না। কিন্তু কী করব? সারা রাত গাড়ি চালানোর পর আমাদের তো একটু রেস্টের (বিশ্রাম) প্রয়োজন আছে। তাই সুযোগ পেলে হেলপারদের হাতে গাড়ি তুলে দিই। এটা বেশি দোষের কিছু না।’দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মোশাররফ হোসেন বলেন, ‘ঘাট এলাকায় আসামাত্র বিশ্রাম নেওয়ার জন্য অধিকাংশ চালক যৌনপল্লিসহ বিভিন্ন এলাকায় যায়। তখন অনেক সময় শিশু-কিশোর হেলপারদের গাড়ি চালাতে দেখা যায়। এ রকম দেখামাত্র মামলা দিই।’