‘ওয়ান-ইলেভেনের’ চেয়েও ভয়াবহ অবস্থা হতে পারে: রফিকুল
নির্দলীয় সরকারের অধীন আগামী সংসদ নির্বাচন না হলে ২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেনের’ (১১ জানুয়ারির পটপরিবর্তন) চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর এক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই হুঁশিয়ারি জানান রফিকুল ইসলাম মিয়া। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বলেছিলেন, দেশ আর এক-এগারোতে ফিরে যেতে চায় না।রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ওয়ান-ইলেভেনের পরের সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল না, সেটি ছিল সেনা-সমর্থিত সরকার। তাই যাতে আর ওই অবস্থা না হয়, সে জন্য অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। নইলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’ তিনি বলেন, বিএনপি সব সময় গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন অব্যাহত রাখতে চায়। নির্দলীয় সরকারের অধীন আগামী সংসদ নির্বাচন না হলে জনগণ এ নির্বাচন মানবে না।‘প্রতিহিংসার রাজনীতি: অতীত ও বর্তমান প্রেক্ষাপটে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ‘স্বদেশ জাগরণ পরিষদ’ নামের একটি সংগঠন।