‘ওয়ার্ল্ড বিচ’ হোটেল নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন কলাতলীতে নির্মিতব্য ১২ তলাবিশিষ্ট ‘ওয়ার্ল্ড বিচ’ হোটেল নির্মাণে নিম্নমানের রড, সিমেন্ট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ নির্মাণকাজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।ভবন নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগ এনে ভবনটির ৩০ শতাংশ অংশীদার ও জমির মালিক মনজুর আলম বাদী হয়ে গত রোববার ১৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। পুলিশ সেদিনই মামলার অন্যতম আসামি প্রকৌশলী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ভবনের পাহারাদার মো. হাসেমকেও আটক করা হয়।মামলায় অন্যান্য আসামির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ভবনের ৭০ শতাংশের অংশীদার ও আবাসন কোম্পানি মেসার্স আরএফ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ওমর ফারুক মুহাম্মদ।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ইতিমধ্যে ভবনের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সরকারি প্রকৌশলী দিয়ে বহুতল ভবনটির অনিয়ম খতিয়ে দেখা হবে।গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকজন আনসার সদস্য ভবনটি পাহারা দিচ্ছেন। তাঁরা জানান, গ্রেপ্তারের ভয়ে কর্মকর্তারা আত্মগোপন করেছেন।জানতে চাইলে আরএফ বিল্ডার্সের কক্সবাজার প্রকল্পের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১২ তলার এই হোটেলে ৩৬৫টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে শতাধিক অ্যাপার্টমেন্টের অংশীদার জমির মালিকপক্ষ। কিন্তু তারা আরও বেশি অ্যাপার্টমেন্ট দাবি করছে। চুক্তিবহির্ভূত কাজে সাড়া না দেওয়ায় তারা আরএফ বিল্ডার্সের চেয়ারম্যানসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কারণ ভবন নির্মাণে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।তবে মামলার বাদী মনজুর আলম বলেন, আরএফ বিল্ডার্স কর্তৃপক্ষ ইতিমধ্যে আড়াই শতাধিক অ্যাপার্টমেন্ট বিক্রি করে (প্রতিটি ৫০ থেকে ৬০ লাখ টাকা) প্রায় ১৪০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি কোনোমতে অংশীদারদের ধরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এতে সমুদ্রতীরের বহুতল এই ভবন ঝুঁকির মুখে পড়বে। প্রতারিত হবেন দেশ-বিদেশের কয়েক শ অংশীদার। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।ছয় তলার একটি অ্যাপার্টমেন্টের অংশীদার চট্টগ্রামের পটিয়ার মিনহাজ আহমেদ বলেন, তিন বছরের মধ্যে হস্তান্তরের চুক্তিনামায় এককালীন ৫০ লাখ টাকা দিয়ে তিনি ৫০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। কিন্তু গত পাঁচ বছরেও তিনি মালিকানা বুঝে পাননি। এখন ভবনের নিম্নমানের কাজ নিয়ে তিনি উদ্বিগ্ন।ঢাকার তেজগাঁও এলাকার ব্যবসায়ী পারভেজ খান বলেন, তিনিসহ ১২ জন মিলে পঞ্চম তলার একটি অ্যাপার্টমেন্ট ৬০ লাখ টাকায় কিনে এখন বেকায়দায় পড়েছেন।