'ওয়ার্ল্ড হাঙ্গার রিলিফ' প্রচারাভিযান শুরু করেছে কেএফসি ও পিৎজা হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসচেতনতা তৈরি ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুধা দূর করতে ‘ওয়ার্ল্ড হাঙ্গার রিলিফ’ প্রচারাভিযান শুরু করেছে কেএফসি ও পিৎজা হাট।
গতকাল বৃহস্পতিবার গুলশানের পিৎজা হাটে এ প্রচারাভিযানের উদ্বোধন করেন বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি ক্রিস্টা রাডার ও ট্রান্সকম ফুডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী।
প্রচারাভিযান থেকে সংগৃহীত অর্থ বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় দারিদ্র্যপীড়িত এলাকার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভিটামিন ও খনিজসমৃদ্ধ বিস্কুট বিতরণের কাজে ব্যয় করা হবে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে সহায়তা দিতে সচেতনতামূলক এ কার্যক্রম ও তহবিল সংগ্রহের কাজ কেএফসি ও পিৎজা হাটের সব বিক্রয়কেন্দ্রে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিস্টা রাডার বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে সপ্তাহে ছয় দিন ৭৫ গ্রামের প্যাকেটে বিস্কুট বিতরণ করে থাকে। শিশুদের শিক্ষার প্রসারে অংশীদারিমূলক সহযোগিতার জন্য তিনি ট্রান্সকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আক্কু চৌধুরী বলেন, কেএফসি ও পিৎজা হাট মনে করে, সমাজের উন্নয়নে তাদের পক্ষে ভূমিকা রাখা সম্ভব।
২০১৩ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় ৭৫টি দেশের আট কোটির বেশি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, বিশ্বব্যাপী বিপণিবিতান, স্টোর ও অনলাইনে ‘ওয়ার্ল্ড হাঙ্গার রিলিফ’ প্রচারাভিযান চলছে। এর মাধ্যমে তহবিল সংগ্রহের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী গায়িকা ক্রিস্টিনা অ্যাগুয়েলেরা একটি সামাজিক গণমাধ্যমে প্রচারণা শুরু করেছেন।
কেএফসি ও পিৎজা হাটসহ ইয়াম ব্র্যান্ডের আওতাধীন সব রেস্তোরাঁ আন্তর্জাতিকভাবে ‘ওয়ার্ল্ড হাঙ্গার রিলিফ’ প্রচারাভিযানে অংশ নিচ্ছে। hungertohope.com ওয়েবসাইটের মাধ্যমে বা নিকটস্থ কেএফসি ও পিৎজা হাটের যেকোনো রেস্তোরাঁয় গিয়ে অর্থ দান করা যাবে।