'ওয়াহিদ রেজার মতো অকপট মানুষ প্রয়োজন'
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হানিফ খান মিলনায়তনে গতকাল মঙ্গলবার প্রয়াত কবি ও কথাশিল্পী ওয়াহিদ রেজার স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ওয়াহিদ রেজা নিজে যা ধারণ করতেন, তা-ই তিনি বলতেন। কোনো তোষণ-তোয়াজের ধার ধারতেন না। ওয়াহিদ রেজার মতো অকপট, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক মানুষ এখন খুব প্রয়োজন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক কাশেম হুমায়ুন, বাসসের প্রধান বার্তা সম্পাদক হালিম আজাদ, ওয়াহিদ রেজার ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ বিমান ভট্টাচার্য, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল ইসলাম ভূইয়া, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদের সাবেক জেলা সমন্বয়ক আবু নাঈম খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, গণসংহতির জেলা আহ্বায়ক তরিকুল সুজন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক ধীমান সাহা, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রোকন উদ্দিন আহমেদ।
রফিউর রাব্বি বলেন, ওয়াহিদা রেজা চাইলেই ভালো অনুবাদক বা গল্পকার হতে পারতেন। কিন্তু তিনি কবিতা নিয়ে থাকতে চেয়েছেন, কবি হতে পেরেছেন। কবিতা, গল্প, উপন্যাস মিলিয়ে তাঁর ৩২টি বই প্রকাশিত হয়েছে। এসব বই একত্র করলে কবি, কথাসাহিত্যিক ওয়াহিদ রেজাকে পাওয়া যাবে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রথীন চক্রবর্তী। আবৃত্তি করেন ইউসুফ আলি, জিয়াউল ইসলাম, দীপক ভৌমিক, বজলুর রহমান ও মীর্জা স্বপন।
ওয়াহিদ রেজা গত ২৬ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।